মুম্বইঃ হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী নুসরত বারুচা। নিজের হাতে খাওয়ার ক্ষমতা নেই, খাইয়ে দিচ্ছেন সেবিকারাই। শারীরিক যন্ত্রণা নিয়েও অবশ্য মুখের হাসি হারাননি অভিনেত্রী। আর তাঁর নেপথ্যে রয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজল। তাঁদের অভিনীত ‘দিলওয়ালে’ ছবির গান ‘রং দে তু মোহে গেরুয়া’ই নুসরতের মুখে হাসি ফুটিয়েছে। নেটমাধ্যমে সেই মুহূর্তই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে নুসরত লিখেছেন, “এভাবেই শাহরুখ খান আর কাজল আমার মুখে হাসি ফোটাল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। ওঁরা (সেবিকা) অক্লান্ত পরিশ্রম করে চলেছে। সুস্থ হতে অনেকটা সময় লাগবে, তবে স্বপ্ন দেখছি দু’চোখ মেলে।” বেশ কয়েক দিন ধরেই অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে ছিলেন অনুরাগীরা। বালিতে শুটিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন নুসরত। অল্পের জন্য প্রাণে বাঁচলেও মেরুদণ্ডে গুরুতর চোট লাগে। হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর মেরুদণ্ডে চিড় ধরা পড়ে।
গত ২ অক্টোবর নুসরতের টিমের তরফে জানানো হয়েছিল, উন্নত চিকিৎসার জন্য তাঁকে বালি থেকে মুম্বইয়ে নিয়ে আসা হচ্ছে। দুর্ঘটনার প্রায় এক সপ্তাহ পর সমাজমাধ্যমে নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন নুসরত। সূর্যাস্তের সময় জানালার পাশে রাখা একটি খালি হুইলচেয়ারের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “চিরকালই তো সূর্যাস্তের পিছনে ছুটে চলেছি। আর ঠিক তখনই আমার পুরো আকাশটাই বদলে গেল। কিন্তু, পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত!”
বিষয় : Nushrratt Bharuccha

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন