মুম্বই : বলিউডের অন্যতম মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি। বয়স বাড়লেও তাঁর বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত প্রশ্নের স্পষ্ট জবাব দিলেন স্বয়ং সলমন খান। করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ সিজন ৯’-এর প্রথম পর্বে হাজির হয়ে নিজের অবিবাহিত থাকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মনখোলা আড্ডা দিলেন ভাইজান। তাঁর সঙ্গে এই বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী করিশ্মা কাপুর।
অনুষ্ঠানের শুরুতেই করণের পরিচালনায় ডেবিউ ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর স্মৃতিচারণা করেন সলমন। কোনো পারিশ্রমিক ছাড়াই চিত্রনাট্যের দ্বিতীয় অংশ না শুনেই করণকে সাহায্য করতে রাজি হয়েছিলেন তিনি।
কথার ফাঁকেই উঠে আসে আমির খানের একটি পুরনো মন্তব্য—যেখানে আমির বলেছিলেন, সলমনের হাত-পা বেঁধে তাঁকে বিয়ে দেবেন। এর জবাবে মজার ছলে সলমন বলেন, তিনি আমিরের হাত-পা বেঁধে নিশ্চিত করবেন যাতে আমির আর নতুন করে বিয়ে না করেন। করণের কথায় যখন উঠে আসে যে আমির ইতিমধ্যে জীবনের নতুন অধ্যায়ে এগিয়েছেন, তখন সলমন হাসিমুখেই জানান, তিনি নিজের জীবনে ভালোই আছেন।
শো-তে যখন ব্যক্তিগত জীবনের গভীর বিষয় নিয়ে প্রশ্ন ওঠে, তখন সলমন তাঁর বাবা সেলিম খানের দেওয়া এক মূল্যবান উপদেশের কথা মনে করিয়ে দেন। সেলিম খান তাঁকে শিখিয়েছিলেন—ব্যক্তিগত জীবন হলো ‘বেডরুম’-এর মতো, আর ‘লিভিং রুম’ হলো গোটা দেশের সমান। তাঁর কথায়,“যা কিছু বেডরুমের বিষয়, তা কখনই লিভিং রুমে টেনে আনা উচিত নয়।”
একা থাকা প্রসঙ্গে সলমন স্পষ্ট জানান, কাউকেই দোষ দেওয়ার জায়গা নেই। তাঁর কথায়, “তোমাকেও কেউ আটকায়নি, আমাকেও কেউ বাধা দেয়নি। আমি নিজেই নিজেকে আটকেছি।” এই সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর নিজের এবং তিনি এতেই ভালো আছেন। তবে বিয়ে না করলেও বাবা হওয়ার পরিকল্পনা যে তাঁর রয়েছে, তা খোলসা করে সলমন বলেন, “জীবনের কোনো এক সময়ে সন্তান নিশ্চয়ই আসবে।”

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন