বলিউডে পা রাখার পর অ্যাকশন হিরো হিসেবে নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিলেন টাইগার শ্রফ। ২০১৪ সালে ‘হিরোপন্তি’ দিয়ে শুরু হয়েছিল সেই যাত্রা। শরীরচর্চা, নাচ এবং অ্যাকশন এই তিনটি দিক তাঁর পরিচিতির অন্যতম অংশ হয়ে উঠেছিল। কিন্তু ছবির সাফল্য সবসময় তাঁর সঙ্গ দেয়নি। ‘বাগি’ সিরিজের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়ার পরেও পরপর ছবির ব্যর্থতা নিয়ে আলোচনা হয়েছে।
এরই মধ্যে নতুন করে বিতর্কে জড়িয়েছে তাঁর নাম। পানমশলার বিজ্ঞাপনে অভিনয় করার সূত্রে আইনি নোটিস পাওয়ার খবর প্রকাশ্যে এসেছে। ফলে ব্যক্তিগত ও পেশাগত নানা চাপের মধ্যেই রয়েছেন অভিনেতা। আর ঠিক এই সময়েই একেবারে অন্য কারণে নজর কাড়লেন টাইগার। একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন তিনি। সেই ব্যস্ত সফরের মধ্যেই সময় করে পৌঁছে যান কালীঘাট মন্দিরে। সেখানে মায়ের পুজোয় অংশ নেন অভিনেতা। গর্ভগৃহের ভিতরের তাঁর পুজো দেওয়ার কয়েকটি ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
ছবিতে টাইগারকে দেখা যায় নীল টি-শার্ট পরে। মুখে ছিল কালো মাস্ক, যদিও পুজোর সময় সেটি খুলে ফেলেন তিনি। পুরোহিতের নির্দেশ মেনে মায়ের সামনে পুজো দেন এবং ফুলও অর্পণ করেন। আর এখানেই তৈরি হয়েছে কৌতূহল। কলকাতায় এসে আচমকা কালীঘাটে পুজো দেওয়ার কারণ কী? টাইগার নিজে এই সফরের উদ্দেশ্য নিয়ে কোনও বিশেষ কথা বলেননি। কেরিয়ারের সাম্প্রতিক ওঠানামার কথা মাথায় রেখে কেউ কেউ মজা করে প্রশ্ন তুলছেন, তবে কি নতুন ছবির সাফল্যের জন্য মায়ের কাছে মানত করলেন অভিনেতা?
বিষয় : Bollywood Tiger Shroff

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন