Hidden Stories (বাংলা)

Bihar Siwan firecracker explosion: দীপাবলির আগেই বিহারে বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! উড়ে গেল বাড়ি, মৃত অন্তত ৭

সিওয়ান: আলোর উৎসব দীপাবলির ঢিল ছোড়া দূরত্বে চরম ট্র্যাজেডি। উৎসবের মুখে ফের বেআইনি বাজি কারখানায় মর্মান্তিক বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ৭ জন। শুক্রবার বিকেলে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলার বড়হদিয়া ব্লকের আলমপুর গ্রামে। বাজির গুদাম তথা কারখানায় এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তে তা ধ্বংসস্তূপে পরিণত হয়। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় বাজি ব্যবসায়ী মহম্মদ আমিরুদ্দিন মিয়ার বাড়িতে বেআইনিভাবে প্রচুর পরিমাণে বাজি ও বাজ তৈরির মশলা মজুত করা ছিল। শুক্রবার বিকেলে আচমকাই সেখানে আগুন লেগে যায় এবং একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে শুরু করে। বারুদের তীব্রতায় বাড়িটির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে পড়ে এবং ইট-পাথরের টুকরো ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে দূরের রাস্তায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় দুই ঘণ্টা ধরে থেকে থেকে একের পর এক বিস্ফোরণ চলতে থাকায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, উদ্ধারকারী দল ও একাধিক অ্যাম্বুল্যান্স। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। নিহতদের দেহ এতটাই ক্ষতবিক্ষত ও বিকৃত হয়ে গিয়েছে যে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে মৃতদের মধ্যে স্থানীয় বাসিন্দা তথা ওই বাড়ির মালিক আমিরুদ্দিন মিয়াকে শনাক্ত করা সম্ভব হয়েছে।বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে এবং অবৈধ বাজির উৎস খুঁজতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে উদ্ধারকার্য এখনও জারি রয়েছে। দীপাবলির ঠিক মুখে এই মর্মান্তিক বিপর্যয়ে শোকের ছায়া নেমে এসেছে গোটা সিওয়ান জেলায়।

Bihar Siwan firecracker explosion: দীপাবলির আগেই বিহারে বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! উড়ে গেল বাড়ি, মৃত অন্তত ৭