Birbhum News: অনুব্রতকে হুমকি ও তাণ্ডবে অভিযুক্ত কারা? আড়ালে থাকা বান্টি-ঋষভদের পরিচয় ঘিরে রহস্য
সিউড়ি: সিউড়ির গণতান্ত্রিক তৃণমূলের পার্টি অফিসে ঢুকে বীরভূমের একদা বাঘ অনুব্রত মণ্ডলের উপরেই গুড় বাতাসা থেরাপির পিছনে কারা ? সেই উত্তর খুঁজতে নেমে চোখ কপালে উঠছে পুলিশের। তবে রাজনৈতিক তরজার পারদ চড়ার সঙ্গে সঙ্গে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কে এই তিন যুবক? কোন ক্ষোভ বা কার মদতে বীরভূম ‘বাঘ’ বলে পরিচিত কেষ্টর সামনে দাঁড়িয়ে এমন দুঃসাহসিক কান্ড ঘটাল তারা? পুলিশের হাতে আটক হওয়ার পর রাতারাতি তাঁদের মুক্তি এবং তারপর থেকেই উধাও হয়ে যাওয়া ঘিরে সিউড়িতে দানা বাঁধছে গভীর রহস্য।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার মূল অভিযুক্তদের মধ্যে অন্যতম বান্টি বীরবংশী। সিউড়ির হাটজন বাজার এলাকার বাসিন্দা বান্টি পেশায় দ্বাদশ শ্রেণির ছাত্র। এক সাধারণ লন্ড্রি দোকানের মালিকের ছেলে বান্টি কী ভাবে রাজনীতির এমন উত্তাল নাটকে জড়িয়ে পড়ল, তা ভেবে আকুল তাঁর পরিবার। বান্টির বাবা স্পষ্ট জানান, ঘটনার কথা সংবাদমাধ্যম দেখেই প্রথম জানতে পেরেছেন তাঁরা। তাঁর বক্তব্য, পরিবারে কখনও কোনও দলীয় রাজনীতির রঙ ছিল না। ঘটনার পর থেকে ছেলে আর বাড়ি ফেরেনি, তার সঙ্গে কোনও যোগাযোগও করা যাচ্ছে না।আক্রমণকারীদের মধ্যে দ্বিতীয়জন হলেন ঋষভ গোর। তিনি একটি বেসরকারি ফাইন্যান্স সংস্থায় কর্মরত। পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক কিছুটা আলগা। দীর্ঘদিন ধরেই তিনি আলাদা থাকেন। ঋষভের মা জানান, ছেলে বাড়িতে ফিরলে পুরো বিষয়টি নিয়ে কথা বলবেন। ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী, তা জানার চেষ্টা করবেন তিনি। তবে রহস্য বাড়িয়েছে আরও একটি বিষয়, আটক এবং রাতেই মুক্তির পর থেকে বান্টি বা ঋষভ, কারও খোঁজ পাচ্ছেন না তাঁদের পরিবারের সদস্যরা। অন্যদিকে, বিজেপির এক প্রতিনিধিদল অভিযুক্তদের বাড়িতে ঘুরে এলেও তাঁদের বর্তমান অবস্থান নিয়ে স্পষ্ট উত্তর মেলেনি।বীরভূমের রাজপথে এই ঘটনা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। একদা যাঁর হুঙ্কারে জেলা কাঁপত, সেই অনুব্রতের পক্ষেও পুলিশ সুপারের কাছে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের না হওয়া প্রশ্ন তুলে দিচ্ছে। অন্যদিকে, আইনি পদক্ষেপ না নিয়ে অভিযুক্তদের পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। স্রেফ আমজনতার পুঞ্জীভূত ক্ষোভ, নাকি নেপথ্যে লুকিয়ে কোনও গভীর রাজনৈতিক সমীকরণ? বান্টি-ঋষভদের অন্তর্ধানে উত্তর খুঁজছে সিউড়ি।