Jasprit Bumra: জাপানে খোশমেজাজে বুমরা! এশিয়ান গেমসের অনুশীলনের ফাঁকে ট্রোলড স্ত্রীর হাতে
টোকিও: উত্তরটা দিয়েছিলেন স্রেফ এক শব্দে— “মস্ত!”টোকিওতে কেমন কাটছে সময়? প্রশ্নটা উঠতেই হাসিমুখে জবাব দিলেন ভারতীয় পেস বোলিংয়ের স্তম্ভ জাসপ্রীত বুমরা। এশিয়ান গেমসে ভারতের অভিযান শুরু হওয়ার আগে আপাতত জাপানের এক বিশেষ ফিল্ড ট্রিপে মজেছেন বুমরা। আর সেই অভিযানের সঙ্গী আর কেউ নন, সতীর্থ অক্ষর প্যাটেল। না, কোনও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে ঘুরতে যাননি তিনি। টোকিওর এক বিলাসবহুল বেডিং স্টুডিওতে নিজের জন্য বিশেষ বালিশ বা 'কাস্টমাইজড পিলো' বানাতে গিয়েছিলেন বুমরা। আর সেই পুরো প্রক্রিয়ার ক্যামেরাম্যানের দায়িত্বে ছিলেন স্বয়ং অক্ষর।দোকানে ঢুকে স্রেফ একটা বালিশ পছন্দ করে কিনে নেওয়ার গল্প এটা নয়। বুমরার ঘাড়, পিঠ এবং শরীরের নানা মাপজোখ নিয়ে স্টুডিওর বিশেষজ্ঞেরা ঠিক করেন ঠিক কোন ধরনের সাপোর্ট তাঁর শরীরের জন্য উপযুক্ত। জসপ্রীতও পুরো বিষয়টা চুটিয়ে উপভোগ করছিলেন। সতীর্থ অক্ষরের রেকর্ড করা মজাদার ভিডিওতে ঠাট্টা করে বুমরাকে বলতে শোনা যায়, “বয়স্ক লোকেদের জন্য তৈরি স্পেশাল পিলো এগুলো!” সতীর্থের দিকে তাকিয়ে তাঁর সংযোজন, “আমার পর তো তোরই নম্বর!”সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি পোস্ট করে বুমরা ক্যাপশন দেন, “সঠিক বালিশ খুঁজে নেওয়ার আর্ট।” ব্যস, তার পরেই শুরু আসল ড্রামা। পোস্টটি নজরে আসতেই বুমরার স্ত্রী তথা জনপ্রিয় স্পোর্টস প্রেজেন্টার সঞ্জনা গণেশন কমেন্টে স্বামীকে খোঁচা দিয়ে লেখেন, “এটার জন্যই তুই এত দূর জাপানে গেছিস?” স্ত্রী-র এই ট্রোলের জবাব দিতে বুমরাও অবশ্য দেরি করেননি। সঙ্গে সঙ্গে পাল্টা জবাবে লেখেন, “বাড়ি গিয়ে কিন্তু আমার কাছে এই বালিশ চাইলে এক ঘণ্টার জন্যও পাবি না!” বুমরা-সঞ্জনার এই খুনসুটি এখন নেটদুনিয়ায় ব্যাপক ভাইরালে পরিণত হয়েছে।খেলার বাইরে এই হাসি-ঠাট্টা চললেও, বাইশ গজের আসল যুদ্ধের প্রস্তুতিও অবশ্য সমানতালে সারছে দল। মঙ্গলবার জাপানের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচে কঠিন লড়াইয়ের পর ২ রানে জয় পায় ভারত। ৫ ওভারের সেই ম্যাচে বুমরা না থাকলেও শেষ ওভারে দারুণ বল করে জয় ছিনিয়ে আনেন অক্ষর প্যাটেল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মূল এশিয়ান গেমস অভিযান শুরু হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর, কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে। কিন্তু মেগা যুদ্ধ শুরুর ঠিক আগে, নিজের ঘুমের শান্তির বন্দোবস্তটা অন্ততঃ পাকাপোক্ত করে ফেলেছেন বুমরা!