Hidden Stories (বাংলা)

Suvendu Adhikari: মহালয়ার আগেই মহাকরণে শুভেন্দু ? জোরকদমে চলছে সংস্কার

কলকাতা: দুর্গাপুজোর দিনগোনা শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটা দিন, তার পরেই উৎসবে মাতোয়ারা হবে তিলোত্তমা তথা গোটা বাংলা। আর সেই দেবীপক্ষ শুরুর আগেই রাজ্য প্রশাসনে ঘটতে চলেছে বড়সড় রদবদল! জল্পনা সত্যি করে খুব শীঘ্রই ঐতিহ্যবাহী মহাকরণে (রাইটার্স বিল্ডিং) ফিরতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ অক্টোবর, অর্থাৎ মহালয়ার আগেই মহাকরণে চালু হয়ে যেতে পারে মুখ্যমন্ত্রীর নতুন দফতর। পূর্ত দফতর সূত্রে দাবি, মুখ্যমন্ত্রী-সহ ছয় জন গুরুত্বপূর্ণ মন্ত্রীর ঘরের সংস্কারকাজ দ্রুত শেষ করার নির্দেশ জারি করা হয়েছে।ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। প্রশাসনিক কাজ যাতে মসৃণভাবে চালানো যায়, তার জন্য মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-সহ শীর্ষ আমলাদের দফতর তৈরির কাজও একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে। মহাকরণের রূপান্তরের কাজ ঠিক কোন পর্যায়ে রয়েছে, তা খতিয়ে দেখতে সম্প্রতি বিভাগীয় আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। ওই বৈঠকেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, ১০ অক্টোবরের ডেডলাইনের মধ্যেই মুখ্যমন্ত্রীর ঘর-সহ বাকি মন্ত্রীদের চেম্বার প্রস্তুত করে ফেলতে হবে।প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম দফায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, শংকর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায় এবং পূর্তমন্ত্রী অজয় পোদ্দার নিজে মহাকরণে বসবেন। সেই কারণেই এই ছয় মন্ত্রীর দফতর সংস্কারের ওপর সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এমনকি হেরিটেজ ভবনটির বাকি অংশের আধুনিকীকরণের দায়িত্ব আদানি গ্রুপকে দেওয়া হতে পারে বলেও রাজনৈতিক অলিন্দে জোর জল্পনা ছড়িয়েছে।উল্লেখ্য, ২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং ভবনটির প্রয়োজনীয় সংস্কারের জন্য রাইটার্স থেকে সাময়িকভাবে দফতর সরিয়ে গঙ্গার ওপারে ‘নবান্নে’ নিয়ে গিয়েছিলেন। কিন্তু বিরোধীদের অভিযোগ ছিল, দীর্ঘ এক দশক পেরিয়ে গেলেও সেই সংস্কারের কাজ ৫০ শতাংশও এগোয়নি। কিন্তু সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতায় আসা বিজেপি নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছিল, নবান্ন নয়, ঐতিহাসিক মহাকরণ থেকেই পরিচালিত হবে রাজ্য সরকার।বর্তমানে সংস্কার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে নবান্ন থেকেই সরকার পরিচালনা করছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এবার সেই পর্ব চুকতে চলেছে। মহালয়ার পুণ্যলগ্নেই শুভেন্দু অধিকারীর হাত ধরে মহাকরণের পুরনো ঐতিহ্য ফিরতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Suvendu Adhikari: মহালয়ার আগেই মহাকরণে শুভেন্দু ? জোরকদমে চলছে সংস্কার