Virender Sehwag: সচিনের সঙ্গে অর্জুনের তুলনা ভুল, ক্ষোভ বীরুর! নেপথ্যে কি ছেলের পারফরম্যান্স?
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটে একের পর এক কিংবদন্তির উত্তরসূরিরা পা রাখছেন ২২ গজে। সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর বহু বছর ধরেই ঘরোয়া ও সিনিয়র ক্রিকেটে খেলছেন। অন্যদিকে, রাহুল দ্রাবিড়ের ছেলে অনভয় এবং বীরেন্দ্র শেহবাগের ছেলে আর্যবীর এখন ভারত অনূর্ধ্ব-১৯ (India U19) দলের জার্সিতে সতীর্থ। তবে খুদে ক্রিকেটাররা ক্রিকেটের মূলস্রোতে পা রাখতেই শুরু হয়ে যায় এক মারাত্মক সামাজিক ও মানসিক চাপ। ‘বাবার সঙ্গে ছেলের তুলনা’। এবার এই বহুল চর্চিত মানসিকতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললেন ভারতের প্রাক্তন বিস্ফোরক ওপেনার বীরেন্দ্র শেহবাগ। বিশেষ করে সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরকে যেভাবে তাঁর বাবার আন্তর্জাতিক রেকর্ডের সঙ্গে মাপা হয়, তাকে অত্যন্ত অনুচিত এবং অন্যায় বলে তোপ দাগলেন 'নজফগড়ের নবাব'।সম্প্রতি একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বীরু অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনও উদীয়মান তরুণ ক্রিকেটারের ওপর তাঁর বাবার বিশাল ক্রিকেটীয় কীর্তির ছায়া চাপিয়ে দেওয়া একেবারেই যুক্তিযুক্ত নয়। শেহবাগের বক্তব্য, “তুলনা তো মানুষ করবেই। আমরা যখন খেলেছি, একটা উচ্চতায় পৌঁছেছি। এখন আমাদের সন্তানরা খেলছে, তাই সাধারণ মানুষ বা সংবাদমাধ্যম তুলনা টানবেই। কিন্তু বাবার অর্জনের সঙ্গে ছেলের তুলনা করাটা মোটেও সঠিক কাজ নয়। আপনারা অন্য সমসাময়িক খেলোয়াড়দের সঙ্গে ওদের তুলনা করুন, কিন্তু বারবার কেন বাবার সঙ্গে টেনে আনা হচ্ছে? এতে তরুণদের মন ভেঙে যায়।”নিজের ১৮ বছর বয়সী ছেলে আর্যবীরের কথা তুলে ধরে বীরু আরও যোগ করেন, “আর্যবীর তো কেবল যাত্রা শুরু করেছে। আমি যা করেছি তা দীর্ঘদিনের পরিশ্রম ও অভিজ্ঞতার ফসল। ও একেবারেই নতুন। তাই শুরুতেই এই তুলনাটা পুরোপুরি অন্যায়।”এই প্রসঙ্গেই ক্রিকেট ঈশ্বরের ছেলে অর্জুন তেন্ডুলকরের প্রতি মিডিয়ার মনোভাব নিয়ে সোচ্চার হন বীরেন্দ্র শেহবাগ। অর্জুনের পাশে দাঁড়িয়ে শেহবাগ ক্ষোভ প্রকাশ করে বলেন, “সচিন তেন্ডুলকরের ছেলের সঙ্গে মানুষ সচিনের তুলনা টেনে আনে! এটা কতটা অমূলক ভাবুন। অর্জুন একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার। রঞ্জি ট্রফিতে সে সেঞ্চুরি করেছে, ইনিংসে পাঁচ উইকেট নিয়েছে, নিজেকে প্রমাণ করেছে। তা সত্ত্বেও কেন তাকে বারবার সচিনের ব্যাটের সঙ্গে মাপা হবে? অর্জুন তার নিজস্ব পরিচয় তৈরি করবে, নিজের মতো করে খেলবে। সে কেন তার বাবার পথ ধরে হাঁটবে?”বিশ্ব ক্রিকেটে নিজের আগ্রাসী ব্যাটিং দিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া শেহবাগের বার্তা পরিষ্কার— আগামী প্রজন্মকে আগে খেলতে দেওয়া উচিত। তাদের মুক্ত বাতাসে নিজস্ব খেলাটা গড়তে দেওয়া দরকার। তারপর না হয় মূল্যায়নের সময় আসবে।উল্লেখ্য, সম্প্রতি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে একদিনের সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন শেহবাগের ছেলে আর্যবীর। তিন ম্যাচে ১০৯ রান সংগ্রহ করার পাশাপাশি ভারতকে একের পর এক বিস্ফোরক সূচনা এনে দিয়েছেন তিনি। ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ জয়ে তাঁর অবদান ছিল চোখে পড়ার মতো। কিন্তু ছেলের এই সাফল্যের দিনেও একজন বাবা ও প্রাক্তন ক্রিকেটারের দায়িত্ব পালন করে শেহবাগ স্পষ্ট বুঝিয়ে দিলেন, প্রতিভার বিকাশ ঘটাতে হলে তারকা-সন্তানদের ওপর থেকে অযাচিত তুলনার জোয়াল দ্রুত সরাতে হবে।