২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক তারকা ঠাঁই পেলেও, দেখা মিলল না জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তীর নাম। গত কয়েক মাস ধরে গুঞ্জন ছিল, উত্তরপাড়া কেন্দ্র থেকে কাঞ্চন মল্লিকের বদলে ঘাসফুল শিবিরের বাজি হতে পারেন ইমন। কিন্তু মঙ্গলবার তালিকা প্রকাশের পর দেখা গেল, উত্তরপাড়া থেকে প্রার্থী হয়েছেন কল্যাণ-পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।[TECHTARANGA-POST:7387] প্রার্থী তালিকায় নাম না থাকার পর সোশ্যাল মিডিয়ায় একটি রসিকতা মিশ্রিত পোস্টের মাধ্যমে জল্পনার অবসান ঘটান গায়িকা। তিনি লেখেন, "বিগত কয়েক মাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই যেমন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জমতলা ইত্যাদি। কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন।" এরপরই নেটিজেনদের কাছে করজোড়ে বিনীত অনুরোধ জানিয়ে ইমন লেখেন, "প্লিজ, আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন।"[TECHTARANGA-POST:7378]সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইমনের কাছে বিধানসভা নির্বাচনে লড়াই করার প্রস্তাব গিয়েছিল। কিন্তু গায়িকা নিজেই সেই প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারেও তিনি স্পষ্ট জানিয়েছিলেন, গানই তাঁর প্রথম অগ্রাধিকার। রাজনীতির ময়দানে নামার চেয়ে সুরের জগতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।[TECHTARANGA-POST:7378]রাজনৈতিক আঙিনায় না এলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইমনের সম্পর্ক অত্যন্ত মধুর। গায়িকা মুখ্যমন্ত্রীকে 'মাতৃসমা' মনে করেন। এমনকি কিছুদিন আগে ট্রোলিংয়ের জেরে সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিলেও, খোদ মুখ্যমন্ত্রীর পরামর্শেই তিনি পুনরায় নেট দুনিয়ায় ফেরেন। ইমন সরে দাঁড়ানোয় এবং কাঞ্চন মল্লিক টিকিট না পাওয়ায় উত্তরপাড়ার লড়াই এখন বেশ আকর্ষণীয়। সেখানে বামফ্রন্টের হয়ে লড়ছেন দাপুটে নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তৃণমূলের হয়ে ময়দানে নেমেছেন তরুণ মুখ শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার