রাজ্যে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে তৎপরতা এখন তুঙ্গে। সোমবার দুই ধাপে ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, নতুন এই তালিকায় প্রায় তিন লক্ষ ভোটারের নাম নথিভুক্ত হয়েছে। তবে এই তালিকার পাশাপাশি কত নাম চূড়ান্তভাবে বাদ পড়ল, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। কমিশন জানিয়েছিল, প্রতিদিন একটি করে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। সেই অনুযায়ী রবিবার পর্যন্ত চারটি তালিকা প্রকাশিত হলেও, সোমবার একই দিনে পঞ্চম ও ষষ্ঠ—এই দুটি তালিকা প্রকাশ করা হয়।গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় তিনটি ভাগে তথ্য তুলে ধরা হয়েছিল—মীমাংসিত, অমীমাংসিত ও ডিলিটেড। সেই সময় বৈধ ভোটারের বাইরে প্রায় ৬১ লক্ষ নাম বাদ গিয়েছিল এবং প্রায় ৬০ লক্ষ নামকে ‘বিবেচনাধীন’ বা অমীমাংসিত হিসেবে রাখা হয়েছিল। কলকাতা হাইকোর্টের সরাসরি তত্ত্বাবধানে বর্তমানে জুডিশিয়াল অফিসাররা এই অমীমাংসিত নামগুলো খতিয়ে দেখছেন। ২৩ মার্চ থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হচ্ছে। এ পর্যন্ত প্রকাশিত ছয়টি তালিকায় সব মিলিয়ে ২৯ লক্ষের বেশি নাম অন্তর্ভুক্ত হয়েছে।তবে বাদের খাতা নিয়ে কমিশনের অন্দরের পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। জানা গেছে, ইতিমধ্যে ৪২ লক্ষের বেশি অমীমাংসিত নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে, যার মধ্যে ১৮ লক্ষ নাম বাদের তালিকায় চলে গিয়েছে। আরও ১৮ লক্ষ নামের নিষ্পত্তি হওয়া এখনও বাকি রয়েছে। যদি খসড়া তালিকা থেকে হিসেব করা হয়, তবে সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৮১ লক্ষের বেশি নাম বাদ পড়েছে বলে মনে করা হচ্ছে। যদিও সব নামের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কমিশন আনুষ্ঠানিকভাবে বাদ পড়া ভোটারের সঠিক সংখ্যাটি জানাচ্ছে না।[TECHTARANGA-POST:7704]ভোটার তালিকার এই জটিলতার মাঝেই সোমবার রাতে কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সংবাদমাধ্যমের সামনে তিনি বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন। অভিষেকের দাবি, ‘ফর্ম-৬’-কে হাতিয়ার করে বিজেপি অত্যন্ত পরিকল্পিতভাবে উত্তরপ্রদেশ ও বিহারের মতো রাজ্য থেকে লোক বাংলায় ঢোকাচ্ছে। তিনি অভিযোগ করেন, এর আগে মহারাষ্ট্র, হরিয়ানা ও দিল্লির মতো রাজ্যগুলোতে যেভাবে ক্ষমতা দখল করা হয়েছে, বাংলাতেও সেই একই ‘মডেল’ প্রয়োগ করতে চাইছে বিজেপি। ভোটার তালিকার এই রদবদল এবং রাজনৈতিক তরজা বর্তমান পরিস্থিতিতে রাজ্যের নির্বাচনী আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে।হিডেন স্টোরিজ নিউজ
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার