ব্যারাকপুর: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে ফের বড়সড় রদবদল। তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করলেন নোয়াপাড়ার প্রভাবশালী নেতা তথা প্রাক্তন বিধায়ক সুনীল সিং। শুধু দলত্যাগই নয়, স্পষ্ট জানিয়ে দিলেন—বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হয়েই এবার ভোট ময়দানে দাপিয়ে প্রচার করবেন তিনি। সোমবার তাঁর এই ঘোষণা তৃণমূল শিবিরের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।[TECHTARANGA-POST:7695]সুনীল সিংয়ের অভিযোগ, ২০২২ সালে তৃণমূলে ফেরার পর থেকে ২০২৬ পর্যন্ত দল তাঁকে বসিয়ে রেখেছিল। তাঁর কথায়, "দলে বিশ্বাস না থাকলে সেই দল করা উচিত নয়। আমাকে কোনো কাজে লাগানো হয়নি শুধুমাত্র অর্জুন সিংয়ের আত্মীয় হওয়ার কারণে। যদি বিশ্বাসই না থাকে, তবে এই দলে এক মুহূর্ত থাকা উচিত নয়।" উল্লেখ্য, অর্জুন সিংয়ের ভগ্নিপতি হলেন এই সুনীল সিং।১৯৯৫ সালে নির্দল প্রার্থী হিসেবে কাউন্সিলর হওয়া থেকে শুরু করে তিনবারের পুর চেয়ারম্যান এবং এক মেয়াদের বিধায়ক—দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে সুনীল সিংয়ের। তৃণমূল এবার নোয়াপাড়ায় তৃণাঙ্কুর ভট্টাচার্যকে টিকিট দিলেও সুনীলকে নির্বাচন কমিটির কনভেনার করেছিল। কিন্তু সেই পদ প্রত্যাখ্যান করে সুনীল জানান, গত চার বছর কোনো কাউন্সিলরের সঙ্গেই তাঁর যোগাযোগ রাখা হয়নি, তাই হঠাত করে কনভেনার হয়ে কাজ করা সম্ভব নয়।[TECHTARANGA-POST:7687]২০১৯ সালে প্রথমবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীল। ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপির টিকিটে লড়ে হারার পর ২০২২-এ ফের তৃণমূলে ফেরেন। এবার ভোটের আগে ফের তাঁর এই 'ফুলবদল' ব্যারাকপুরের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলল।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার