Andal News: রাসায়নিক মেশানো জল খাইয়ে জোর করে ধর্মান্তকরণ! বিস্ফোরক অভিযোগে অন্ডালে
অন্ডাল: রাসায়নিক মেশানো বিশেষ জল খাইয়ে গরিব মানুষদের জোর করে ধর্ম পরিবর্তনের বিস্ফোরক অভিযোগ! এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার অন্তর্গত রিয়েল কাজোড়া এলাকা। দুস্থ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া হিন্দু পরিবারগুলোকে টার্গেট করে গোপনে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা চালানো হচ্ছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অন্ডাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক মহিলাসহ দু'জনকে আটক করেছে।স্থানীয় সূত্রের খবর, রবিবার দুপুরে রিয়েল কাজোড়া এলাকার একটি বন্ধ ঘরে গোপনে সন্দেহজনক কিছু কাজকর্ম চলছে বলে খবর পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছন বঙ্গীয় হিন্দু সেনার কর্মীরা। ঘরে ঢুকে তাঁরা দেখেন, এলাকার বেশ কিছু দরিদ্র মানুষকে বিশেষ উপাসনার নামে খ্রিস্টান ধর্ম গ্রহণে বাধ্য করা হচ্ছে। বাধা দিতে গেলে উপস্থিত উদ্যোক্তারা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। অন্যদিকে, যে সব দুস্থ বাসিন্দাকে সেখানে আনা হয়েছিল, তাঁরা ভয়ে নিরুত্তর থাকেন।বঙ্গীয় হিন্দু সেনার পশ্চিম বর্ধমান জেলার কো-কনভেনার কেশবনাথ দাঁ তীব্র ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে তাঁরা সেখানে হানা দিয়েছিলেন। তাঁর অভিযোগ, "এলাকার অতি দরিদ্র মানুষদের ভুল বুঝিয়ে ধর্ম পরিবর্তনের চেষ্টা করা হচ্ছিল। একটা কেমিক্যাল মেশানো জল খাইয়ে ওদের ধর্মান্তরিত করার রীতিনীতি পালিত হচ্ছিল। রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলেও হিন্দু ধর্মাবলম্বীদের ওপর এই ধরনের টার্গেটেড ধর্মান্তকরণ বন্ধ হয়নি। আমরা হাতেনাতে ধরে চক্রান্ত ব্যর্থ করেছি এবং অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দিয়েছি।"ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র বিক্ষোভ শুরু হলে পৌঁছায় অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা সামাল দিতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এক মহিলা ও এক পুরুষকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। ঠিক কী উদ্দেশ্যে গোপনে এই জমায়েত হচ্ছিল এবং আদৌ কোনো রাসায়নিক প্রয়োগের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে প্রশাসন।[TECHTARANGA-POST:13338]