Main Hoon Na 2: শাহরুখ-সুস্মিতার সেই রসায়ন কি ফিরছে? ‘ম্যায় হুঁ না ২’ নিয়ে ফারহার জবাবে নতুন চমক
২০০৪ সালে ফারহা খানের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘ম্যায় হুঁ না’। সেই সময় ছবিটি যেভাবে দর্শকের মন জয় করেছিল, তার স্মৃতি আজও অটুট। মুক্তির পর পেরিয়ে গেছে প্রায় দু’দশক। আজও হিন্দি ছবির দর্শকের পছন্দের তালিকায় রয়ে গিয়েছে সিনেমাটি। শাহরুখ খান, সুস্মিতা সেন, জায়েদ খান, অমৃতা রাওদের নিয়ে তৈরি ছবিটি যেন এখনও সিনেপ্রেমীদের কাছে একপ্রকার নস্টালজিয়া। [TECHTARANGA-POST:12994]তবে সম্প্রতি একটি বিষয় ঘিরে বোঝা গেছে যে, ছবিটির প্রতি দর্শকের আগ্রহ যে এখনও কমেনি। আর তার সঙ্গেই জেগেছে নতুন কৌতূহল, তাহলে কি সত্যিই আসতে চলেছে ছবিটির দ্বিতীয় ভাগ? সম্প্রতি অভিনেতা অর্জুন কাপুর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ম্যায় হুঁ না’ দেখার একটি মুহূর্ত শেয়ার করেন। সিনেমার একটি ক্লিপ পোস্ট করে অর্জুন লেখেন, ‘অলটাইম ফেভারিট’। একইসঙ্গে পরিচালক ফারহা খানকে ট্যাগ করে আবদার করেন, ‘উই নিড আ সিক্যুয়াল এএসএপি।’ [TECHTARANGA-POST:12989]অর্জুনের সেই পোস্টের উত্তরও দিয়েছেন ফারহা। তিনি লেখেন, ‘যদি কোনও কিছু অন্তর থেকে চাও অর্জুন কাপুর, অনেক ভালোবাসি।’ আর এই উত্তরেই যেন নতুন করে জল্পনা শুরু হয়েছে। কারণ ফারহার কথার সঙ্গে অনেকেই মিল খুঁজে পেয়েছেন ‘ওম শান্তি ওম’-এর সেই জনপ্রিয় সংলাপের, ‘কহতে হ্যায়, আগর কিসি চিজ কো দিল সে চাহো...’। তবে এটাই যে ‘ম্যায় হুঁ না ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা তা এখনই বলা যায় না। বিশেষ করে শাহরুখ খানের অনুরাগীদের মধ্যে এখন একটাই প্রশ্ন, ফের কি বড়পর্দায় দেখা যাবে রাম প্রসাদ শর্মাকে?