রমজানে ফলের দাম নিয়ন্ত্রণে বহরমপুরের রাজপথে পুলিশ, অসাধু ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি
বহরমপুর: পবিত্র রমজান মাসের শুরুতেই বাজারদরের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। ইফতারের সন্ধ্যায় ফল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা তুঙ্গে থাকে, আর এই সুযোগকেই কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ফলের দাম কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ। সাধারণ ধর্মপ্রাণ মানুষকে যাতে চড়া দামে ফল কিনতে না হয়, সেই লক্ষ্যে এবার সরাসরি ময়দানে নামল বহরমপুর পুলিশ প্রশাসনের আধিকারিকরা।[TECHTARANGA-POST:6659]শুক্রবার বিকেলে বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ফলের আড়ত এবং খুচরো দোকানগুলোতে অতর্কিত হানা দেন বহরমপুর থানার পুলিশ আধিকারিকরা। রমজান মাসে সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে ফল কিনতে পারেন এবং বাজারে কোনো কৃত্রিম অভাব তৈরি না হয়, সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর নেন তাঁরা। দোকানের মূল্যতালিকা পরীক্ষা করার পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও কথা বলেন পুলিশ কর্মীরা। খুচরো বিক্রেতাদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অকারণে দাম বাড়িয়ে সাধারণ মানুষকে সমস্যায় ফেললে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।পুলিশি অভিযানের মুখে ফল বিক্রেতাদের একাংশ অবশ্য দাবি করেছেন, পাইকারি বাজারে ফলের দাম বাড়ার কারণেই তাঁদের চড়া দামে বিক্রি করতে হচ্ছে। যে অনুপাতে আড়ত থেকে ফল কিনতে হচ্ছে, সেই অনুপাতে সামান্য লাভ রেখে বিক্রি করছেন বলে জানান তাঁরা। তবে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, উৎসবের আবহে সাধারণ মানুষের পকেট কাটতে দেওয়া হবে না। পুলিশের এই পদক্ষেপে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ ক্রেতারা। প্রশাসনের এই নজরদারি রমজান মাস জুড়ে চলবে বলেও জানানো হয়েছে।