যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিল ১৫ বছরের এক কিশোরী। ভিডিওটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করে নিল দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেছিল ১৫ বছরের এক কিশোরী। পরে প্রধানমন্ত্রী নিজেই 'বিভ্রান্ত শিশু'দের ক্ষমা করে সঠিক পথে ফেরার সুযোগ দেওয়ার বার্তা দেন। ঘটনার পর প্রকাশ্যে এসে একটি ভিডিও বার্তায় কিশোরী নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায়। সে জানায়, "আমার বয়স মাত্র ১৫ বছর। আমি যা করেছি, তা ক্ষমার অযোগ্য। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশে অনেক খারাপ কথা বলেছি। এটা আমার জীবনের প্রথম এবং শেষ ভুল। আমি গোটা দেশের কাছে ক্ষমা চাইছি। আমি খুব লজ্জিত।" এরপর কিশোরীর মা-ও পুলিশের কাছে আবেদন জানান। মেয়ে নিজের ভুল বুঝতে পেরেছে এবং গভীরভাবে অনুতপ্ত বলেও দাবি করেন। এর পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের আবেদন জানান তিনি। সেই আবেদনে সাড়া দিয়েই দিল্লি পুলিশ জানায়, ওই এফআইআর নিয়ে আর কোনও পদক্ষেপ করা হবে না।[TECHTARANGA-POST:11413]উল্লেখ্য, ২৩ জুলাই যন্তর মন্তরের বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেদ্র মোদীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্যের অভিযোগে প্রথমে নয়ডা পুলিশ একটি জিরো এফআইআর দায়ের করে। পরে মামলাটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তরিত হয়। এই প্রসঙ্গে গত শুক্রবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, শাস্তি বা হয়রানির মাধ্যমে নয়, বরং ভুল বুঝতে পারা তরুণ-তরুণীদের ক্ষমা করে সঠিক পথে ফেরানোর সুযোগ দেওয়া উচিত। এরই পরিপ্রেক্ষিতে কিশোরীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করা হয়।