মাঝআকাশেই গলগল করে বেরোচ্ছিল ধোঁয়া! লখনউয়ে জরুরি অবতরণ উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর কপ্টারের
মাঝআকাশে বড়সড় বিপত্তির মুখে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। শনিবার লখনউ থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি লখনউয়ের আমৌসি বিমানবন্দরে হেলিকপ্টারের জরুরি অবতরণ করেন পাইলট। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন উপ-মুখ্যমন্ত্রী।[TECHTARANGA-POST:7092]প্রশাসনিক সূত্রে খবর, শনিবার সকালে কৌশাম্বীর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে লখনউয়ের একটি বেসরকারি কলেজের মাঠ থেকে রওনা দিয়েছিলেন কেশব প্রসাদ মৌর্য। টেকঅফের কিছুক্ষণ পরই হেলিকপ্টারের ডিসপ্লে বোর্ড কাজ করা বন্ধ করে দেয়। এরপরই কপ্টার থেকে ধোঁয়া বেরোতে শুরু করে এবং তা দ্রুত কেবিনের মধ্যে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন সওয়ারিরা।কপ্টারের পাইলট তৎক্ষণাৎ লখনউ এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। সবুজ সঙ্কেত পেতেই আমৌসি বিমানবন্দরে নিরাপদ অবতরণ করানো হয়। বিমানবন্দর চত্বরে আগে থেকেই প্রস্তুত ছিল মেডিকেল ও টেকনিক্যাল টিম। কপ্টার থেকে নিরাপদে বেরিয়ে আসেন উপ-মুখ্যমন্ত্রী।জানা গিয়েছে, বাবু সিং ডিগ্রি কলেজের মাঠে 'সরস মহোৎসব' উদ্বোধন করার কথা ছিল তাঁর। বিপত্তি ঘটলেও সেই অনুষ্ঠানে শেষমেশ হাজির হন উপ-মুখ্যমন্ত্রী। আমৌসি বিমানবন্দরে কিছুক্ষণ বিশ্রামের পর অন্য একটি হেলিকপ্টারে চড়ে নিজের গন্তব্যের উদ্দেশে রওনা হন কেশব প্রসাদ মৌর্য।তবে, হেলিকপ্টারে কীভাবে এমন ধোঁয়া এবং যান্ত্রিক গোলযোগ দেখা দিল, তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। কোথাও কোনও গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা ফের একবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর স্মৃতি টাটকা করে দিল!