ভারতের ডিজেলে মিটবে জ্বালানি সংকট? সাহায্যের অনুরোধ জানিয়ে চিঠি পাঠাল ঢাকা
দেশে বিদ্যমান জ্বালানি সংকট সামাল দিতে এবার প্রতিবেশী দেশ ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তার আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রকের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাইকমিশনার জানান, বাংলাদেশের পক্ষ থেকে জ্বালানি সংকট নিরসনে ভারত সরকারের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রক থেকে প্রাপ্ত এই আবেদনটি দ্রুতই দিল্লি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রণয় ভার্মা আরও উল্লেখ করেন যে, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে বর্তমানে প্রতি মাসে প্রায় ১৫ হাজার টন ডিজেল বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে।তবে বর্তমান চাহিদা বিবেচনায় এই সরবরাহ ব্যবস্থাকে আরও সুসংহত এবং দীর্ঘমেয়াদী করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ জোর দেওয়া হয়। মূলত বিশ্ববাজারের অস্থিরতা এবং অভ্যন্তরীণ ঘাটতি মেটাতেই ঢাকা এই কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে।