‘শ্রীময়ী’ ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই অনেকটা আড়ালে ইন্দ্রাণী হালদার। প্রায় চার দশকের দীর্ঘ অভিনয় জীবনে বড়পর্দা থেকে ছোটপর্দা সবেতেই নিজের জায়গা তৈরি করেছেন তিনি। তবে সম্প্রতি ফের তাঁকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। জনসমক্ষে আসতেই অভিনেত্রীর বদলে যাওয়া চেহারাও নজরে পড়েছে। [TECHTARANGA-POST:12321]দীর্ঘদিন অসুস্থ থাকার সময় ওজন বেড়েছিল। পরে পরিশ্রম করে সেই বাড়তি ওজন কমিয়েছেন তিনি। কিন্তু প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে প্রশংসার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ধেয়ে এসেছে নানা কটাক্ষও। অভিনেত্রী অবশ্য সেই মন্তব্যকে গুরুত্ব দেননি। বরং এমন মন্তব্যে আক্ষেপ প্রকাশ করে জানিয়েছেন, তাঁর ছবি দেখে কেউ ডায়াবেটিস, কেউ ক্যানসারের মতো অসুস্থতার কথা লিখেছেন, এমনকী মৃত্যুর কথাও বলেছেন। তাঁর প্রশ্ন, “তাঁরা কি সত্যিই আমার মৃত্যু কামনা করেন?” অন্যতম আক্ষেপ হিসেবে তিনি জানিয়েছেন, ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আরও কয়েকটি ছবি করার সুযোগ পেলে ভালো লাগত।[TECHTARANGA-POST:12320]‘দহন’-এর ঝিনুক থেকে শুরু করে ‘গোয়েন্দা গিন্নি’ বা ‘শ্রীময়ী’ ইন্দ্রাণীর প্রতিটি চরিত্রই দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। এখনও অনেকেই তাঁকে ‘শ্রীময়ী’ নামেই ডাকেন। কিন্তু অভিনেত্রী নিজেই জানিয়েছেন, সেই চরিত্রে আর ফিরতে চান না। ‘শ্রীময়ী’র দ্বিতীয় সিজন হওয়ার সম্ভাবনাও দেখছেন না তিনি। তবে ছোটপর্দায় পুরোপুরি ফেরার দরজা বন্ধ করেননি। ‘গোয়েন্দা গিন্নি’র দ্বিতীয় সিজন তৈরি হলে সেই প্রস্তাব নিয়ে ভেবে দেখবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। আরও একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে। ‘বিগ বস বাংলা’ থেকেও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। অর্থাৎ ‘শ্রীময়ী’ পরিচয়ের বাইরে এবার নিজের জন্য একেবারে নতুন ধরনের চরিত্র খুঁজছেন ইন্দ্রাণী।