কলকাতা: টলিপাড়ায় ফের একঝাঁক চমক। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) পরবর্তী ছবি ‘তারপর’-এর প্রথম পোস্টার সামনে আসতেই শুরু হয়েছে শোরগোল। ক্যামেলিয়া প্রোডাকশনের ব্যানারে তৈরি এই ছবির প্রথম ঝলকেই রয়েছে দারুণ অভিনবত্ব। আর সবচেয়ে বড় আকর্ষণ; এই প্রথম কৌশিকের পরিচালনায় বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) ও রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ।
সাধারণত যেকোনো সিনেমার পোস্টারের ঠিক ওপরে ছবি বা সিরিজের নাম এবং পরিচালক-প্রযোজকের নাম থাকে। কিন্তু ‘তারপর’-এর ক্ষেত্রে সেই চিরাচরিত ছক ভেঙেছেন নির্মাতারা। ছবির নাম ও পরিচালকের পরিচয় রাখা হয়েছে অদ্ভুত এক প্রতিবিম্বের আকারে, যা প্রথম দেখাতেই নজর কাড়ছে সিনেপ্রেমীদের। পড়ন্ত বিকেলের নরম আলোয় এক নৌকার ওপর দাঁড়িয়ে থাকা চারজন মানুষ আর এক মাঝি। এই ছবির পোস্টারে যেন লুকিয়ে রয়েছে অন্য এক গভীর বার্তা।
গল্পের কেন্দ্রে রয়েছেন এমন পাঁচজন মানুষ, যাঁদের সামাজিক পরিচয় ও পেশা সম্পূর্ণ আলাদা। একে অপরের সঙ্গে কথা বলার প্রয়োজন তো দূরস্থান, হয়তো তাঁদের চেনাজানাও নেই। কিন্তু আচমকাই ভাগ্যের ফেরে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে ওই পাঁচ অপরিচিত মানুষকে একসঙ্গে টানা দুটি দিন কাটাতে বাধ্য হতে হয়। এই দুই দিনের ঘটনাপ্রবাহ কীভাবে বদলে দেবে তাঁদের পারস্পরিক সমীকরণ, সম্পর্ক এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি—তা নিয়েই এগোবে ‘তারপর’-এর চিত্রনাট্য।
সিনেমার কাস্টিংয়েও রয়েছে বড় চমক। অনির্বাণ ভট্টাচার্য ও রুদ্রনীল ঘোষের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং রজতাভ দত্ত। এ ছাড়াও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে প্রদীপ ভট্টাচার্যকে।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই প্রথম অনির্বাণ ভট্টাচার্যকে বড় পর্দায় কাজ করতে দেখা যাবে। অন্যদিকে, বহুচর্চিত ‘ধূমকেতু’ ছবির পর ফের একবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন রুদ্রনীল ঘোষ। ফলে দীর্ঘ সময় পর এই দুই দাপুটে অভিনেতাকে একই ফ্রেমে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। সব মিলিয়ে, পরিচালক কৌশিকের সুনিপুণ পরিচালনা আর তারকাবহুল এই প্রজেক্ট যে টলিপাড়ায় দারুণ কিছু উপহার দিতে চলেছে, তা একেবারেই বলার অপেক্ষা রাখে না।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন