Durga Puja: ‘মা এসে গেছে’ লিখেই বিপাকে অভিনেত্রী! দুর্গাপ্রতিমার ছবি ঘিরে কুরুচিকর মন্তব্য
কলকাতাঃ দুর্গাপুজোর আগে থেকেই কুমোরটুলিতে উৎসবের আবহ তৈরি হতে শুরু করে। প্রতিমা গড়ার ব্যস্ততায় থাকেন মৃৎশিল্পীরা। সেই দৃশ্যই চাক্ষুষ করতে সেখানে ভিড় জমান বহু মানুষ। সেই রকমই একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে বিতর্কের মুখে পড়লেন অভিনেত্রী সোহিনী গুহ রায়। প্রতিমার পাশে দাঁড়িয়ে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘মা এসে গেছে’। কিন্তু সেই পোস্টের পর দুর্গাপ্রতিমাকে নিয়ে একের পর এক অশালীন মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র চর্চা।গত ১২ অক্টোবর ছবিটি পোস্ট করেন সোহিনী। অভিনেত্রীর পরনে ছিল হলুদ রঙের কুর্তি। পিছনে দেখা যাচ্ছে রং না করা একটি দুর্গাপ্রতিমা। ছবির ক্যাপশন ছিল,‘মা এসে গেছে’। কিন্তু সেই সাধারণ পোস্টের নীচেই কয়েকজন কুরুচিকর মন্তব্য করেন। কেউ প্রশ্ন তোলেন, বারবার মা এলেও বাবা কেন আসেন না, কেউ আবার প্রতিমার পোশাক নিয়ে অশালীন ইঙ্গিত করেন। এমনকি মন্তব্যের ভাষা শালীনতার সীমাও ছাড়িয়ে যায়। [TECHTARANGA-POST:13644]পোস্টের মন্তব্য ঘিরে ক্ষোভ ছড়িয়েছে নেটপাড়ায়। দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির ঐতিহ্য, আবেগ এবং ধর্মীয় বিশ্বাস। সেই প্রতিমাকে নিয়ে এমন মন্তব্যকে অসম্মানজনক বলে মনে করছেন বহু মানুষ। তাঁদের মতে, ধর্মীয় বিশ্বাস বা উপাসনার বিষয় নিয়ে মতভেদ থাকতেই পারে, কিন্তু তা প্রকাশের নামে কুরুচিকর ভাষা ব্যবহার কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।এই ঘটনার পর সমাজমাধ্যমে ধর্মীয় সহাবস্থান ঘিরেও বিতর্ক সৃষ্টি হয়েছে। একাংশের বক্তব্য, সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির কথা বলা হলেও এমন ঘটনায় সেই বিশ্বাসে আঘাত লাগে। কেউ কেউ ‘হিন্দু-মুসলিম ভাই-ভাই’ স্লোগান নিয়েও কটাক্ষ করেছেন। আবার অন্যদের মতে, কয়েকজনের আপত্তিকর মন্তব্যের দায় কোনও একটি ধর্মের সব মানুষের উপর চাপানো উচিত নয়। তবে সোহিনীর ছবিকে ঘিরে যে অশালীন মন্তব্যের ঝড় উঠেছে, তা নিয়েই এখন সরগরম সমাজমাধ্যম।