মহিলাদের জন্য বাসে ‘ফ্রি’ সফর! শুধু একটা জিনিস দেখালেই মিলবে ‘জিরো ব্যালান্স’ টিকিট, জেনে নিন বিশদে
কলকাতা: রাজ্য জুড়ে মহিলাদের যাতায়াতের ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হলো। নির্বাচনের প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে, পূর্ব ঘোষণা মতোই সোমবার থেকে পশ্চিমবঙ্গ জুড়ে চালু হয়ে গেল মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বাস পরিষেবা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ১ জুন থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মে খুশি রাজ্যের নারী সমাজ। এখন থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কিংবা পাহাড় থেকে সমতল— রাজ্যের সর্বত্রই সরকারি বাসে চড়লে মহিলাদের আর কোনও পকেট থেকে টাকা খসাতে হবে না, বরং তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি বিশেষ ‘জিরো ভ্যালু’ বা ‘জিরো ব্যালান্স’-এর টিকিট।স্বল্প দূরত্বের রুট তো বটেই, এমনকি দূরপাল্লার সরকারি বাসের ক্ষেত্রেও মহিলা যাত্রীরা এই দারুণ সুবিধা উপভোগ করতে পারবেন। তবে এই বিনামূল্যে সফরের আনন্দ উপভোগ করতে গেলে কন্ডাক্টরের কাছে নির্দিষ্ট কিছু নথির মধ্যে যে কোনও একটি প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে। সরকার এই পরিষেবার জন্য মোট ১২টি বৈধ নথির তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে অন্যতম হলো ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, সরকারের দেওয়া ১০০ দিনের কাজের কার্ড, আয়ুষ্মান ভারতের কার্ড, ছবি-সহ পেনশনের নথি এবং রাজ্য বা কেন্দ্রীয় সরকারের দেওয়া চাকরির পরিচয়পত্র। এছাড়াও স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র অথবা সরকার অনুমোদিত যে কোনও পরিচয়পত্র দেখালেই কন্ডাক্টররা তৎক্ষণাৎ ‘জিরো ব্যালেন্স’-এর টিকিট কেটে দেবেন। এই প্রক্রিয়াটি মসৃণ করতে ইতিমধ্যেই বাস চালক ও কন্ডাক্টরদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বাসের দেওয়ালে নির্দেশিকা সংবলিত লিফলেটও সেঁটে দেওয়া হয়েছে।প্রাথমিক পর্যায়ে পরিচয়পত্র দেখেই এই পরিষেবা মিললেও, আগামী দিনে যাতে এর কোনও অপব্যবহার বা জালিয়াতি না হয়, তা নিশ্চিত করতে কোমর বাঁধছে প্রশাসন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, মহিলাদের পোশাকের আড়ালে অন্য কেউ যাতে বিনা ভাড়ায় যাতায়াত করার অনৈতিক সুযোগ নিতে না-পারেন, তার জন্য ভবিষ্যতে একটি বিশেষ ‘বাস কার্ড’ চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এই কার্ড কবে থেকে কার্যকর হবে, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এই জনমুখী প্রকল্পের সূচনা নিয়ে সমাজমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তবায়নের পথে এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ এবং রাজ্যের মাতৃশক্তির নিরাপত্তা, সামাজিক অগ্রগতি ও স্বনির্ভরতা সুনিশ্চিত করতে এই বিজেপি সরকার সর্বদা বদ্ধপরিকর। সোমবার সকাল থেকেই এই পরিষেবা চালু হওয়ায় সাধারণ চাকুরিজীবী থেকে শুরু করে নিত্যযাত্রী মহিলারা অত্যন্ত আনন্দিত, কারণ এর ফলে তাঁদের যাতায়াতের দৈনিক খরচে বড়সড় সাশ্রয় হতে চলেছে।হিডেন স্টোরিজ নিউজ