জেন আলফার আন্দোলনে উত্তাল ভোপাল! কীসের দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের?
মধ্যপ্রদেশঃ জেন জি-র আন্দোলনের পর এবার দেশের নজরে জেন আলফা। তবে কোনও সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নফাঁস নয়, এবার নিজেদের স্কুলের স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে পথে নেমেছে একদল কিশোর-কিশোরী। ঘটনাস্থল মধ্যপ্রদেশের ভোপাল। কেন্দ্রীয় বিদ্যালয়ের সঙ্গে একটি ডেমোনস্ট্রেশন মাল্টিপারপাস স্কুলকে যুক্ত করার প্রস্তাবের বিরোধিতায় স্কুলের বাইরে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা।[TECHTARANGA-POST:11774]পড়ুয়াদের দাবি, শিক্ষাক্ষেত্রে নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং উদ্ভাবনী শিক্ষার সুযোগ তৈরি করার লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। ফলে অন্য কোনও প্রশাসনিক কাঠামোর সঙ্গে স্কুলটি যুক্ত হলে তার নিজস্ব পরিচয় ক্ষতিগ্রস্ত হতে পারে। প্ল্যাকার্ড হাতে স্কুলের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। স্লোগান দেওয়ার পাশাপাশি প্রস্তাবিত সংযুক্তির বিরুদ্ধেও নিজেদের অবস্থান স্পষ্ট করে তারা। ডেমোনস্ট্রেশন মাল্টিপারপাস স্কুলগুলি ‘আঞ্চলিক স্কুল’ নামেও পরিচিত। ১৯৬৫ সালের ডিসেম্বর থেকে এই প্রতিষ্ঠানগুলি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটির অধীনে পরিচালিত হয়ে আসছে। শিক্ষাক্ষেত্রে আধুনিক পদ্ধতি প্রয়োগ এবং নতুন ধরনের শিক্ষামূলক পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যে ভোপাল, আজমেঢ়, মহীশূর ও ভুবনেশ্বরে এই চারটি স্কুল গড়ে তোলা হয়েছিল।[TECHTARANGA-POST:11772]পড়ুয়াদের অভিযোগ, কেন্দ্রীয় বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হলে এই বিশেষ উদ্দেশ্যেই তৈরি প্রতিষ্ঠানগুলির চরিত্র বদলে যেতে পারে। তাই প্রস্তাবটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে তারা। ইতিমধ্যেই নিজেদের দাবিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে আন্দোলনকারীরা।