কলকাতাঃ নামী রেস্তরাঁয় খেতে গিয়ে খাবারের মান নিয়ে নিশ্চিন্ত থাকেন অনেকেই। কিন্তু রাজ্যজুড়ে স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিক অভিযানে সামনে এল একেবারেই ভিন্ন ছবি। কোথাও ফ্রিজে রাখা পচা মাংস, কোথাও ছত্রাক ধরা সবজি, আবার কোথাও নষ্ট ছানা দিয়ে মিষ্টি তৈরির অভিযোগ। গত তিন দিনে রাজ্যের ২,৩৩৭টি হোটেল, রেস্তরাঁ ও খাবারের দোকানে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যদপ্তর।[TECHTARANGA-POST:12294]সবচেয়ে বেশি চমক এসেছে কলকাতার পার্ক স্ট্রিটে। শুক্রবার সেখানে একাধিক পরিচিত রেস্তরাঁর রান্নাঘর ও খাবারের মান পরীক্ষা করেন আধিকারিকরা। প্রশাসন সূত্রে খবর, করিমস, ডন জিওভানি এবং তুংফংয়ের মতো রেস্তরাঁয় বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে তবে সব রেস্তরাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠেনি। শুধু পার্ক স্ট্রিট নয়, কলকাতা এবং জেলার বিভিন্ন এলাকাতেও অভিযান চালানো হয়েছে। সোনারপুরের ‘বাবুর্চি’ রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। কামালগাজির একটি মিষ্টির দোকানে মেয়াদোত্তীর্ণ সামগ্রী পাওয়া গিয়েছে বলে অভিযোগ। বনগাঁয়ও অভিযানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার একটি সস কারখানা সিল করার পর শুক্রবার বাগদার হেলেঞ্চা বাজারে যৌথ অভিযান চালানো হয়। সেখানে রবীন্দ্র মিষ্টান্ন ভাণ্ডারের দইয়ে ছত্রাক পাওয়া যায় বলে প্রশাসনের দাবি। [TECHTARANGA-POST:12291]স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘মোট ১৭টি রেস্তরাঁ ও দোকান সিল করা হয়েছে। বহরমপুরের বিশ্বাস বেকারি, আলিপুরদুয়ার শীতল সুইটস অ্যান্ড স্ন্যাক্স সিলড। অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে এখানে খাবার তৈরি করা হয়। আপাতত ৫টি দোকানের লাইসেন্স বাতিল, ১৩টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আমরা বলেছি, এগুলো সবই সাময়িক। পরে খাবারের মান ও পরিচ্ছন্নতা পরীক্ষায় উত্তীর্ণ হলে ফের তা চালু করে দেওয়া হবে। মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনও আপস নয়।”