Hidden Stories (বাংলা)

খাঁ খাঁ রোদে ঠায় অপেক্ষা, দেখাই দিলেন না ‘মহাগুরু’! ইন্দাসে মিঠুনের আচরণে বিরক্ত?

ইন্দাস: বিধানসভা নির্বাচনের আগে ‘তারকা ম্যাজিক’ দিয়ে ঘর গোছাতে গিয়ে হিতে বিপরীত হল বিজেপির। বাঁকুড়ার ইন্দাসে বিজেপি প্রার্থী নির্মলকুমার ধাড়ার সমর্থনে আয়োজিত প্রচার কর্মসূচিতে এসে মেজাজ হারালেন দলের সমর্থকরাই! কারণ, এদিন আকুইতে রোড শো সারলেও সাহসপুর বাজারে পৌঁছে হুডখোলা গাড়ি থেকে নামলেনই না মিঠুন চক্রবর্তী। ফলত, দীর্ঘক্ষণ অপেক্ষার পর ‘মহাগুরু’কে সামনে না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন হাজার-হাজার মানুষ।[TECHTARANGA-POST:8000]সোমবার দুপুরে আকুইয়ের অস্থায়ী হেলিপ্যাডে নামেন মিঠুন। সেখান থেকে প্রার্থীকে নিয়ে কিছুটা জনসংযোগ করলেও আসল নাটক শুরু হয় সাহসপুরে। সকাল থেকেই সাহসপুর বাজারে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। তাঁদের মধ্যে কেউ খাঁটি বিজেপি সমর্থক, কেউ আবার স্রেফ প্রিয় অভিনেতাকে একঝলক দেখার আশায় এসেছিলেন সভাস্থলে। কিন্তু, মিঠুন সেখানে পৌঁছেও গাড়ি থেকে না নেমে ফিরে যাওয়ায় মেজাজ হারান কর্মী ও সমর্থকরা। তাঁদের সাফ প্রশ্ন, “যদি দেখা নাই দেবেন, তবে এলেন কেন?”[TECHTARANGA-POST:7989]এই জনরোষ সামাল দিতে দ্রুত ময়দানে নামেন বিজেপি প্রার্থী নির্মলকুমার ধাড়া। তিনি সাফাই দিয়ে বলেন, “প্রচণ্ড গরম পড়েছে। তার উপর মিঠুনদার পায়ে ব্যথা। শারীরিক সমস্যার কারণেই তিনি আর হাঁটতে বা গাড়ি থেকে নামতে পারেননি।” যদিও প্রার্থীর এই ‘অজুহাত’ মানতে নারাজ স্থানীয়দের একাংশ। তাঁদের দাবি, আকুই থেকে সাহসপুর পর্যন্ত বর্ণাঢ্য মিছিলের কথা থাকলেও মাঝপথেই তা শেষ করে দেওয়া হয়।[TECHTARANGA-POST:7985]রাজনৈতিক মহলের মতে, স্থানীয় স্তরে সংগঠন মজবুত করার বদলে কেবল তারকাদের উপর ভরসা করা যে বুমেরাং হতে পারে, ইন্দাসের ঘটনা তার বড় প্রমাণ। যেখানে নির্বাচনের আগে জনসংযোগ সবথেকে জরুরি, সেখানে ভোটারদের মনে এমন হতাশা তৈরি হওয়া গেরুয়া শিবিরের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিন সাহসপুর সিধু-কানুর মূর্তি পর্যন্ত মিছিল হওয়ার কথা থাকলেও মহাগুরুর এই ‘অনাগ্রহ’ আখেরে বিরোধীদের হাতেই হাতিয়ার তুলে দিল।[TECHTARANGA-POST:7976]ভোটের মুখে ইন্দাসের এই অস্বস্তি বিজেপি কীভাবে সামাল দেয়, এখন সেটাই দেখার।

খাঁ খাঁ রোদে ঠায় অপেক্ষা, দেখাই দিলেন না ‘মহাগুরু’! ইন্দাসে মিঠুনের আচরণে বিরক্ত?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার