৯ থেকে ১৭ আগস্ট রাজ্যজুড়ে তেরঙ্গা উৎসব! জেলায় জেলায় কোটি কোটি পতাকা ও আর্থিক অনুদান!
কলকাতা: স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে বড়সড় প্রশাসনিক পদক্ষেপ করল রাজ্য সরকার। আগামী ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে এই কর্মসূচি পালনের জন্য রাজকোষ থেকে ঢালাও অর্থ ও জাতীয় পতাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটি বিশেষ নির্দেশিকা ইতিমধ্যেই নবান্নের তরফে রাজ্যের প্রতিটি সরকারি দপ্তর, কলকাতা পুরসভা এবং সমস্ত জেলার জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের বার্তা মেনে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সংহতির চেতনা ছড়িয়ে দিতেই সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে জাতীয় পতাকা তোলায় উদ্বুদ্ধ করার দায়িত্ব নেওয়া হচ্ছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।কর্মসূচি সুষ্ঠুভাবে রূপায়নের জন্য প্রতিটি জেলা ও কলকাতা পুরসভাকে কেন্দ্রীয়ভাবে ১.৫ লক্ষ করে জাতীয় পতাকা পাঠাবে রাজ্য, যদিও কালিম্পং জেলার জন্য বরাদ্দ করা হয়েছে ২০ হাজার পতাকা। শুধুমাত্র পতাকাই নয়, উৎসবের খরচের জন্য অনুদানের টাকাও সরাসরি পৌঁছে যাচ্ছে তৃণমূল স্তরে। প্রতিটি জেলা প্রশাসন ও পুরনিগমকে ১ লক্ষ টাকা করে, মহকুমাগুলিকে ৫০ হাজার টাকা এবং প্রতিটি ব্লক ও পুরসভাকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, এই দিনগুলিতে তেরঙ্গা র্যালি, প্রভাতফেরি, স্কুল-কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিশেষ আলোকসজ্জার আয়োজন করতে হবে। সেই সঙ্গে সাধারণ মানুষকে তেরঙ্গার সাথে সেলফি তুলে পোর্টালে আপলোড করার আহ্বান জানানো হয়েছে এবং কর্মসূচি শেষে সমস্ত বিস্তারিত তথ্য রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:11289]হিডেন স্টোরিজ নিউজ