Hidden Stories (বাংলা)

পুজোর সার্কুলার কবে? নির্দেশের অপেক্ষায় কলকাতার পুজো কমিটি, থমকে প্রস্তুতি

দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। অথচ এখনও রাজ্য সরকারের তরফে পুজো সংক্রান্ত কোনও সরকারি সার্কুলার প্রকাশ হয়নি। ফলে শহর ও জেলার বহু দুর্গাপুজো কমিটির প্রস্তুতি কার্যত অনিশ্চয়তার মধ্যে আটকে রয়েছে। উদ্যোক্তাদের একটাই প্রশ্ন - সার্কুলার কবে আসবে?সাধারণত রথযাত্রার পর থেকেই মণ্ডপ তৈরির কাজ পুরোদমে শুরু হয়ে যায়। বিভিন্ন পুজো কমিটির নির্দেশে মণ্ডপশিল্পীরা কাজে নেমে পড়েন। কিন্তু এ বছর রাজনৈতিক পালাবদলের পর নতুন নিয়ম আসতে পারে কি না, সেই অনিশ্চয়তায় অনেকেই এখনও পূর্ণ মাত্রায় কাজ শুরু করতে পারছেন না। ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন উকিল বলেন, "মণ্ডপের মাপ, রাস্তা ছাড়, প্রশাসনিক অনুমতি সবকিছু নিয়েই স্পষ্ট নির্দেশের অপেক্ষায় রয়েছি। অন্তত গত বছরের নিয়মই বহাল থাকবে কি না, সেটাও লিখিতভাবে জানানো প্রয়োজন।" উদ্যোক্তাদের একাংশের দাবি, শুধু মণ্ডপ নয়, বিজ্ঞাপনের হোর্ডিং, বিদ্যুৎ খরচে রিবেট-সহ একাধিক বিষয়েও এখনও কোনও স্পষ্ট বার্তা মেলেনি। টালা বারোয়ারির উদ্যোক্তা অভিষেক ভট্টাচার্য বলেন, স্পনসররাও সরকারি নীতির অপেক্ষায় রয়েছেন। ফলে পরিকল্পনা এগোতে পারছে না।[TECHTARANGA-POST:11218]এই অনিশ্চয়তার প্রভাব পড়েছে মণ্ডপশিল্পীদের কাজেও। শিল্পী সুশান্ত পালের দাবি, একাধিক কমিটি প্রাথমিকভাবে কাজের বরাত দিলেও পরে তা স্থগিত করেছে। তাঁর মতে, নতুন প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষাতেই অনেক পুজো কমিটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না। আর এক মণ্ডপশিল্পী ভবতোষ সুতারের আশঙ্কা, দেরিতে কাজ শুরু হলে সময় কমে যাবে। তাড়াহুড়োয় মণ্ডপ নির্মাণের মানেও প্রভাব পড়তে পারে। তবে উদ্যোক্তাদের আশা, উল্টোরথের পরই রাজ্য সরকারের তরফে পুজো সংক্রান্ত সার্কুলার প্রকাশিত হতে পারে। সেই নির্দেশ এলেই জোরকদমে শুরু হবে দুর্গাপুজোর প্রস্তুতি।

পুজোর সার্কুলার কবে? নির্দেশের অপেক্ষায় কলকাতার পুজো কমিটি, থমকে প্রস্তুতি