অনলাইনে খাবার কিনছেন? আপনার অজান্তেই বাড়িতে ঢুকছে না তো ‘বিষ’! ৩ জনপ্রিয় প্ল্যাটফর্মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ
কর্ণাটকঃ অনলাইনে মানুষের খাওয়ার উপযোগী পণ্য হিসেবে বিষাক্ত ধুতরো ফল ও বীজ বিক্রির অভিযোগ উঠতেই বড় পদক্ষেপ করল কর্নাটক সরকার। আমাজন, বিগবাস্কেট এবং ইনস্টামার্টের মতো জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্নাটক খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসন। জানা গিয়েছে, তিন সংস্থার লাইসেন্সই স্থগিত করা হয়েছে।[TECHTARANGA-POST:11959]প্রশাসনের নজরে আসে, বিভিন্ন ই-কমার্স এবং কুইক-কমার্স প্ল্যাটফর্মে ধুতরোর ফল ও বীজ বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে ওই পণ্যের সঙ্গে এফএসএসএআই-এর রেজিস্ট্রেশন নম্বরও উল্লেখ করা হয়েছিল। অথচ ধুতরো বিষাক্ত এবং তা খেলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই ধুতুরা জাতীয় পণ্যের অনলাইন বিক্রি ও তালিকাভুক্তি নিয়ে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। এরপর তিন সংস্থার বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে। প্রশাসনের বক্তব্য, মানুষের খাদ্য হিসেবে কোনও বিষাক্ত পণ্য যাতে অনলাইনে বিক্রি না হয়, তা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।[TECHTARANGA-POST:11958]নোটিসের জবাবে অবশ্য তিন সংস্থার অবস্থান ভিন্ন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আমাজনের তরফে কোনও জবাব দেওয়া হয়নি। ইনস্টামার্ট তাদের নেওয়া পদক্ষেপের নথি জমা দেওয়ার জন্য আরও কিছুটা সময় চেয়েছে। অন্যদিকে, বিগবাস্কেট জানিয়েছে, তারা ইতিমধ্যেই ওই বিষাক্ত ফলের অনলাইন বিক্রি বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতে এমন কোনও পণ্য তালিকাভুক্ত হলে তার প্যাকেটের গায়ে স্পষ্টভাবে ‘মানুষের খাওয়ার উপযোগী নয়’ লেখা থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।