পুলিশের ওপর লেলিয়ে দেওয়া হলো কুকুর! জামিনে মুক্ত সুবিনের কীর্তিতে স্তম্ভিত কেরল
তিরুবনন্তপুরম: তোলাবাজির টাকা দিতে অস্বীকার করায় এক স্পা কর্মীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল কেরলে। শুধু তাই নয়, নৃশংসতার সীমা ছাড়িয়ে অভিযুক্তরা সেই ঘটনার ভিডিও রেকর্ড করে এবং সেলফিও তোলে। এই ঘটনায় মূল অভিযুক্ত সুবিন আলেকজান্ডারসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি চারজন এখনও পলাতক।পুলিশ সূত্রে খবর, গত ১ ফেব্রুয়ারি সুবিন ও তার দলবল ওই স্পা সেন্টারে চড়াও হয়। দীর্ঘদিন ধরেই স্পা মালিকের কাছে মোটা টাকা তোলা দাবি করছিল তারা। এদিন সরাসরি ৫০ হাজার টাকা দাবি করা হয়। কিন্তু মালিক সেই টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা মেজাজ হারায়। অভিযোগ, টাকা না পেয়ে তারা স্পা-এর এক মহিলা কর্মীকে জোরালো হুমকি দিয়ে একটি ঘরে নিয়ে যায় এবং সেখানে ৬ জন মিলে তাঁকে গণধর্ষণ করে।নির্যাতিতার অভিযোগ, ধর্ষণের পাশাপাশি অভিযুক্তরা গোটা ঘটনার ভিডিও চিত্র তৈরি করে। এমনকি পাশবিক এই উল্লাসের মাঝে তারা সেলফিও তোলে। বাধা দিতে গেলে দোকানে আসা এক গ্রাহককেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত সুবিন আলেকজান্ডার একজন দাগি অপরাধী এবং সম্প্রতি সে জামিনে মুক্ত হয়ে জেলের বাইরে এসেছিল। তাকে ধরতে গেলে সে পুলিশের ওপর পোষা কুকুর লেলিয়ে দেয়। এই ঘটনায় দুই পুলিশ আধিকারিক আহত হয়েছেন। তবে শেষ পর্যন্ত সুবিন এবং তার সঙ্গী বার্লিন দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।বর্তমানে নির্যাতিতা চিকিৎসাধীন এবং বাকি চার অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে কেরল পুলিশ। এই ঘটনা রাজ্যের নারী নিরাপত্তা এবং দুষ্কৃতীদের দৌরাত্ম্য নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।