Kolkata School: বই নিয়ে বচসা, তারপরই ছুরি! সাউথ পয়েন্টে রক্তাক্ত নবম শ্রেণির পড়ুয়া
খাস কলকাতায় আবারও চাঞ্চল্য। প্রথমে দক্ষিণেশ্বর, তারপর নিউটাউন। আর এবার সংবাদের শিরোনামে দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুল। সহপাঠীর উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল নবম শ্রেণির এক পড়ুয়ার বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত ছাত্রকে উদ্ধার করে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।[TECHTARANGA-POST:13203]ঘটনার সূত্রপাত একটি বই ছেঁড়াকে কেন্দ্র করে। বিষয়টি শিক্ষকের নজরে এলে অভিযুক্ত ছাত্রকে বকাও দেন তিনি। আক্রান্ত ছাত্রের বাবার অভিযোগ, সেই ঘটনার পর থেকেই তাঁর ছেলের উপর রাগ তৈরি হয়েছিল অভিযুক্তের। পরিবারের অভিযোগ, বুধবার সকালে বাড়ি থেকেই ছুরি নিয়ে স্কুলে আসে ওই নবম শ্রেণির পড়ুয়া। দুপুর সাড়ে ১২টা নাগাদ স্কুলের মধ্যেই সেই ছুরি দিয়ে সহপাঠীর উপর হামলা চালায়। গলার কাছে আঘাত লাগায় রক্তাক্ত হয়ে পড়ে আক্রান্ত ছাত্র।[TECHTARANGA-POST:13201]স্কুল কর্তৃপক্ষের তরফে বিষয়টি গড়িয়াহাট থানায় জানানো হয়েছে। পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযুক্ত পড়ুয়ার পারিবারিক পরিস্থিতি নিয়ে জানা গিয়েছে, গত বছর তার মা আত্মঘাতী হন। সেই ঘটনার পর থেকেই তার আচরণে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। তবে এই ঘটনার সঙ্গে বুধবারের হামলার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।