মালদহ: নিউ ফরাক্কার ভয়াবহ ধস বিপর্যয়ের ক্ষত শুকাতে না শুকাতেই ফের চরম সঙ্কটের মুখে পূর্ব রেলের মালদহ ডিভিশন। গঙ্গাবাঁধ কাটার কাজ চলার জেরে এবং বাঁধের ভাঙনে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে রেল চলাচল। বিশেষ করে সাহেবগঞ্জ-বারহারওয়া শাখার সাকরিগলি এবং মহারাজপুর স্টেশনের মধ্যবর্তী অঞ্চলে নিরাপত্তা সুনিশ্চিত করতে রেল চলাচলে ব্যাপক কাটছাঁট করা হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করার পাশাপাশি বেশ কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। এর ফলে উৎসবের মরসুমে সাধারণ রেলযাত্রীদের চরম হয়রানি ও ভোগান্তির শিকার হতে হচ্ছে।
পূর্ব রেলের মালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট-সাহেবগঞ্জ ও সাহেবগঞ্জ-রামপুরহাট মেমু স্পেশাল ট্রেন দুটি সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩০ সেপ্টেম্বর সাহেবগঞ্জ-রামপুরহাট মেমু এবং অত্যন্ত জনপ্রিয় সাহেবগঞ্জ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসও বাতিল রাখা হয়েছে। এছাড়া কিউল-মালদহ টাউন এক্সপ্রেস মালদহ টাউনের বদলে কেবল সাহেবগঞ্জ পর্যন্ত গিয়ে সফর শেষ করছে। কিউল, গয়া-হাওড়া এক্সপ্রেস, ভাগলপুর-রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস এবং দিল্লি-কামাক্ষ্যা ব্রহ্মপুত্র মেলের মতো একাধিক দূরপাল্লার ট্রেনের স্বাভাবিক গতিপথ বদলে বিকল্প রুটে চালানো হচ্ছে। জামালপুর-হাওড়া এক্সপ্রেসকে ভাগলপুর-দুমকা-রামপুরহাট ঘুরপথে পাঠানো হয়েছে এবং বাথিন্ডা-বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস জামালপুর-মুঙ্গের-কাটিহার হয়ে গন্তব্যে পৌঁছাচ্ছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন আপ লাইনে হঠাৎ ধস নেমে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। প্রায় ৬২ ঘণ্টার যুদ্ধকালীন তৎপরতায় রেল এবং আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় সেই ধস মেরামত করে পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়েছিল। কিন্তু সেই স্মৃতি ম্লান হওয়ার আগেই ফের গঙ্গার বাঁধ কাটার জের ধরে রেলপথ বিপর্যস্ত হওয়ায় উদ্বিগ্ন রেলকর্তারা।
হঠাৎ করে ট্রেনের রুটবদল এবং ট্রেন বাতিলের খবর শুনে বিভিন্ন স্টেশনে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ট্রেনের সঠিক সময়সূচি জানতে স্টেশনে স্টেশনে ভিড় জমাচ্ছেন বহু যাত্রী। রেল সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। তবে বারবার এমন ঘটনায় মালদহ ডিভিশনের রেল পরিকাঠামো ও নিরাপত্তার নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন চিহ্ন উঠে গেল।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন