শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘে ঢাকা আকাশের ফাঁক দিয়ে অবশ্য মাঝেমধ্যেই উঁকি দিচ্ছে রোদ। কোথাও আবার হালকা বৃষ্টিরও দেখা মিলছে। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে একটি নিম্নচাপ। বর্তমানে এই নিম্নচাপটি ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর অবস্থান করছে। এর প্রভাবেই বাংলার আবহাওয়ায় বদল আসতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়া ব্যবস্থা সক্রিয় রয়েছে। রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় হয়ে নিম্নচাপ অক্ষরেখাটি উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি শ্রী গঙ্গানগর, চুরু, বিলাসপুর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দু’এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কয়েকটি এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়াও দেখা যেতে পারে।[TECHTARANGA-POST:12528]দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টি?শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এই বৃষ্টির দাপট দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।উত্তরবঙ্গে কেমন থাকবে পরিস্থিতি?উত্তরবঙ্গেও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।