কলকাতা: পাচারের গোপন ছক বাঞ্চাল করে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার হলো প্রায় ১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ সোনার ও রুপোর গয়না। বুধবার বিমানবন্দরে তল্লাশি চালিয়ে এনএসসিবিআই বিমানবন্দর থানার পুলিশ রামঅবতার সিংহ নামে রাজস্থানের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে। স্কুটিতে করে অলঙ্কার পাচারের চেষ্টার সময় তাকে আটক করা হয়। ধৃতকে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গোপন সূত্রে বিমানবন্দরে অলঙ্কার পাচারের খবর পেয়ে কার্গো টার্মিনাল এলাকায় পুলিশি তৎপরতা বাড়িয়ে নাকা তল্লাশি শুরু হয়। সেই সময় পুলিশ দেখে রামঅবতার নামের ওই যুবক একটি স্কুটি নিয়ে দ্রুত চম্পট দেওয়ার চেষ্টা করছে। ধাওয়া করে তাকে ধরে ফেলে স্কুটিতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। স্কুটির ভেতরের গোপন ডেরা থেকে উদ্ধার হয় হিরে বসানো প্রায় ৪০০ গ্রাম সোনার গয়না এবং ৯০০ গ্রাম রুপোর গয়না। বর্তমান বাজারে এই গয়নাগুলির মূল্য প্রায় ১ কোটি টাকা।তদন্তকারীদের অনুমান, আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ বিমান পরিষ্কার করার সুযোগে অবৈধ উপায়ে আনা সোনা কার্গো টার্মিনাল দিয়ে বাইরে পাচারের ছক কষা হয়েছিল। এটি কোনো বড় সোনা পাচার চক্রের কাজ কি না এবং রামঅবতারের সঙ্গে আন্তর্জাতিক পাচারকারীদের সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।[TECHTARANGA-POST:11482]হিডেন স্টোরিজ নিউজ