Hidden Stories (বাংলা)

সূর্যপুরকাণ্ডে জেলবন্দি সিপিএম নেতার জামিন! ৯ সেপ্টেম্বর পর্যন্ত স্বস্তি, থাকছে কী কী শর্ত?

বারুইপুরঃ সূর্যপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলির অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। প্রায় ৫০ দিন জেলে থাকার পর বুধবার জামিন মিলল। অসুস্থ মায়ের পাশে থাকার জন্য আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে।[TECHTARANGA-POST:12219]লাহেক আলির মা বর্তমানে নরেন্দ্রপুরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন। মায়ের শারীরিক অবস্থার কথা জানিয়ে হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা। সেই আবেদন বিবেচনা করেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জামিন মঞ্জুর করেন। তবে জামিন মিললেও পুরোপুরি মুক্ত নন লাহেক। আদালতের নির্দেশ অনুযায়ী, আপাতত বারুইপুর এলাকার বাইরে যেতে পারবেন না তিনি। পাশাপাশি থানার তরফে যখনই তাঁকে হাজিরার জন্য ডাকা হবে, তখনই পুলিশি জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকতে হবে। উল্লেখ্য, গত জুলাইয়ে সূর্যপুরে এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। একাধিক জায়গায় পথ অবরোধ, টায়ার জ্বালানো এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। তদন্তে নেমে পুলিশ বেশ কিছু ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য সংগ্রহ করে। তদন্তকারীদের অভিযোগ, বিক্ষোভের সময় লাহেক আলি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং উত্তেজনা ছড়ানোর ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল। সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়।[TECHTARANGA-POST:12218]গ্রেফতারির পর থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন লাহেক আলি। সিপিএমের তরফেও দাবি করা হয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বাম নেতৃত্বের অভিযোগ, প্রকৃত অপরাধীদের আড়াল করতেই লাহেকের বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে। দলের নেতারাও তাঁর গ্রেফতারির প্রতিবাদে একাধিকবার সরব হন।

 সূর্যপুরকাণ্ডে জেলবন্দি সিপিএম নেতার জামিন! ৯ সেপ্টেম্বর পর্যন্ত স্বস্তি, থাকছে কী কী শর্ত?