পদ্ম শিবিরে কি এবার লিয়েন্ডার? নিতিন নবীনের সঙ্গে দীর্ঘ বৈঠক ঘিরে তুঙ্গে রাজনৈতিক জল্পনা
কলকাতা: বাংলার ভোটের হাওয়া তপ্ত হতেই ফের একবার দলবদলের বড়সড় ইঙ্গিত। সাড়ে চার বছর আগে গোয়ার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 'চ্যাম্পিয়ন' বলে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিশ্বখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ। কিন্তু এখন সময় বদলেছে। রাজনীতির ময়দানে জল্পনা শুরু হয়েছে— ঘাসফুল ছেড়ে কি এবার লিয়েন্ডার ধরবেন পদ্ম-পতাকা?[TECHTARANGA-POST:7563]মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে লিয়েন্ডার পেজের একান্ত সাক্ষাৎ এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে। বর্তমানে দুই দিনের বাংলা সফরে এসে দলের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখছেন নিতিন নবীন। আর সেই সফরের মাঝেই এই হেভিওয়েট সাক্ষাৎকারকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।বিজেপি সূত্রের খবর, দুই পক্ষের মধ্যে আলোচনা বেশ সদর্থক হয়েছে। যদিও লিয়েন্ডার বা বিজেপি— কোনো তরফেই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। বঙ্গ বিজেপি মনে করছে, লিয়েন্ডারের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদকে দলে টানতে পারলে শিক্ষিত সমাজ ও ক্রীড়ামহলে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।[TECHTARANGA-POST:7560]২০২১ সালের অক্টোবরে গোয়ায় গিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। কিন্তু গত দীর্ঘ সময় ধরে তাঁকে তৃণমূলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি। বর্তমান পরিস্থিতিতে বাংলায় বিজেপির এখনও ৩৮টি আসনে প্রার্থী ঘোষণা বাকি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের প্রশ্ন— তবে কি সেই তালিকায় চমক হিসেবে থাকতে চলেছে লিয়েন্ডার পেজের নাম? সময় উত্তর দেবে, তবে লিয়েন্ডারের এই নতুন ইনিংস ঘিরে এখন উত্তাল টলিউড থেকে রাজনৈতিক অন্দরমহল।