মহালয়ার সন্ধ্যায় ইডেনে ধুন্ধুমার মেগা ইভেন্ট! দুর্গার চোখ আঁকবেন মোদী?
কলকাতা: শারদ আকাশের বুকে ড্রোনের উজ্জ্বল আলোয় ভেসে উঠবে মায়ের মুখ, আর বাতাসে অনুরণিত হবে মাতৃবন্দনার সুর। এমন এক অনন্য ও মায়াবী আবহে মহালয়ার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে সূচনা হতে চলেছে এবারের দুর্গাপুজোর। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের মূল আকর্ষণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ হাতে আঁকবেন মা দুর্গার চোখ। ইডেনে প্রবেশ করার আগেই আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য রোড শো-এর। আলোয় সেজে ওঠা রেড রোড ধরে আয়োজিত পুজোর বিশেষ শোভাযাত্রায় ফুটে উঠবে বাংলার মেধা ও শিল্পসংস্কৃতি। সেখানে ২৩টি জেলার ২৩টি নিজস্ব নৃত্যশৈলী পরিবেশনের মাধ্যমে রাজ্যের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরা হবে।অনুষ্ঠানের মূল মুহূর্ত তৈরি হবে যখন প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে ইডেন প্রাঙ্গণে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় এক হাজার মহিলার সমন্বিত উলুধ্বনি এবং ১০ হাজার ঢাকের গমগম আওয়াজে মুখরিত হয়ে উঠবে চারদিক। বিশ্বরেকর্ডের পাতায় নাম লেখানোর লক্ষ্য নিয়ে তৈরি এই শুভ মুহূর্তের সঙ্গে স্টেডিয়াম পরিক্রমার সময় থাকবে শিল্পীর বিশেষ সুরার্পণ। এই পুরো পথচলাতেই ব্যাকগ্রাউন্ডে দেবী বন্দনার আবহ তৈরি করতে বিশেষ গান পরিবেশন করবেন প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানসূচি নিখুঁত রাখতে প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে নবান্নের আধিকারিকদের দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সুরক্ষার স্বার্থে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পুরো ইডেন গার্ডেন্স এলাকাটি চলে যাবে এসপিজির কড়া নজরদারিতে। ইডেনের এই একক মঞ্চ থেকেই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে রাজ্যজুড়ে প্রায় ১০ হাজার দুর্গাপুজোর ভার্চুয়াল শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। দর্শকদের মন্ত্রমুগ্ধ করতে রাখা হয়েছে ‘মা আসছে-উমা স্টোরি’ থিমের ওপর চোখধাঁধানো থ্রি-ডি প্রোজেকসন ম্যাপিং শো।বিকেল চারটে থেকে শুরু হতে চলা এই মেগা সাংস্কৃতিক কোলাজে প্রাধান্য পাবে রাজ্যের প্রতিটি কোণের লোকশিল্প। উত্তরবঙ্গের দার্জিলিঙের তামাং সেলো, কালিম্পঙের লেপচা নাচ, জলপাইগুড়ি ও দুই দিনাজপুরের রাজবংশী লোকনৃত্য যেমন দর্শকদের মন জয় করবে, তেমনই মালদহের গম্ভীরা, বীরভূমের বাউল আর পুরুলিয়া-বাঁকুড়ার বিশ্বখ্যাত ছৌ নাচে জমে উঠবে ইডেনের প্রাঙ্গণ। পূর্ব বর্ধমানের রাইবেশে, নদিয়ার গৌড়ীয় বৈষ্ণব নাচ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের সাঁওতালি নাচ, পূর্ব মেদিনীপুরের পটুয়ার গান এবং উত্তর ২৪ পরগনার ঐতিহ্যবাহী বনবিবি পালার মতো নানাবিধ লোকনাট্যের মেলবন্ধনে মহালয়ার সন্ধ্যাটি এক ঐতিহাসিক সাংস্কৃতিক মহা প্রাঙ্গনে পরিণত হতে চলেছে।হিডেন স্টোরিজ নিউজ