স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত এমপি! ক্ষোভে নেত্রকোনার আয়োজন বয়কট বীর মুক্তিযোদ্ধাদের
নেত্রকোনা (বাংলাদেশ): মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যের উপস্থিতিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নেত্রকোনার পূর্বধলায়। নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা উপস্থিত থাকায় উপজেলা প্রশাসনের আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠান বয়কট করলেন বীর মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (২৬ মার্চ, ২০২৬) জগৎমণি উচ্চবিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।[TECHTARANGA-POST:7613]স্থানীয় সূত্রে খবর, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে জামায়াত সমর্থিত সংসদ সদস্য মাসুম মোস্তফার উপস্থিত থাকার কথা শুনেই বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের একাংশ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন। পূর্বধলা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহম্মদ নিজামউদ্দিন স্পষ্ট জানান, "জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি। তাদের উপস্থিতিতে আমরা কোনও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে পারি না। কমান্ডারের পক্ষ থেকে অনুষ্ঠান বয়কটের নির্দেশ ছিল।"আর এক বীর মুক্তিযোদ্ধা মহম্মদ আজিজুর রহমান জানান, তাঁরা আগেই প্রশাসনকে বিষয়টি জানিয়ে রেখেছিলেন। জামায়াত এমপি আসার খবর পেয়ে তাঁরা সকালে মাঠে যাননি। তবে, এমপি অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর প্রশাসনের বিশেষ অনুরোধে তাঁরা পরবর্তী আয়োজনে যোগ দেন এবং সম্মাননা গ্রহণ করেন।ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান জানান, সব মুক্তিযোদ্ধা অনুপস্থিত ছিলেন না। তবে, একটি অংশ সকালে যোগ দেননি। কুচকাওয়াজ পরবর্তী মূল অনুষ্ঠানে অবশ্য এমপি উপস্থিত ছিলেন না।এই প্রসঙ্গে সংসদ সদস্য মাসুম মোস্তফা জানান, স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিএনপির একটি অংশ তাঁর অংশগ্রহণে আপত্তি জানিয়েছিল। তিনি বলেন, "আমি প্রশাসনকে সব কর্মসূচিতে থাকার কথা জানিয়েছিলাম। কিন্তু, একটি গ্রুপ বয়কট করায় পরিস্থিতি বিবেচনা করে আমি মূল অনুষ্ঠানে উপস্থিত থাকিনি।"