New Barrackpore: কোলে শিশু, পথচলতি গৃহবধূকে টেনে জড়িয়ে ধরার চেষ্টা! প্রতিবাদে থানা ঘেরাও
নিউ ব্যারাকপুর: কোলে একরত্তি শিশু, সেই অবস্থাতেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক গৃহবধূ। আচমকা মদের ঠেক থেকে বেরিয়ে এসে হাত ধরে টানাটানি, জড়িয়ে ধরার চেষ্টা এবং টেনে নিয়ে যাওয়ার অপচেষ্টা! শ্লীলতাহানির প্রতিবাদ করতে এলে প্রহৃত হলেন গৃহবধূর শ্বশুরও। উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর থানার শহরপুর খালপাড় এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সোচ্চার হয়ে নিউ ব্যারাকপুর থানা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন ক্রুদ্ধ স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে খবর, শহরপুর খালপাড় এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনি মদের ঠেক ও জুয়ার আসর বসছে। অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী কিছু ব্যক্তির ছত্রচ্ছায়াতেই অবাধে চলছে এই সব অনৈতিক কারবার। বৃহস্পতিবার রাতে কোলে শিশু নিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই মদের ঠেক থেকে এক মদ্যপ ব্যক্তি বেরিয়ে এসে ওই গৃহবধূর পথ আটকায়। অভিযোগ, তাঁর হাত ধরে টানাটানি শুরু করে এবং প্রকাশ্যে তাঁকে জড়িয়ে ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আচমকা এই ঘটনায় তীব্র আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন ওই গৃহবধূ।মহিলার আর্তনাদ শুনে তাঁকে উদ্ধার করতে ছুটে আসেন তাঁর বৃদ্ধ শ্বশুর। কিন্তু দুষ্কৃতীদের বেপরোয়া মনোভাব এতটাই যে, প্রতিবাদ করায় উল্টে তাঁকেও বেদম মারধর করা হয় বলে অভিযোগ। খবর জানাজানি হতেই ক্ষোভে ফুসে ওঠে পুরো পাড়া। উত্তেজিত জনতা এক অভিযুক্তকে ধরে ফেলে গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকা থেকেই অপর এক সন্দেহভাজনকে আটক করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ।তবে ঘটনার রেশ সেখানেই থমকে থাকেনি। দীর্ঘদিন ধরে এলাকা জুড়ে মদ্যপ ও দুষ্কৃতীদের দৌরাত্ম্য চলায় নিরাপত্তার দাবিতে এবং মূল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ঘেরাও করেন এলাকার মহিলারা ও সাধারণ মানুষ। উত্তেজিত জনতা স্পষ্ট অভিযোগ তোলেন, পুলিশ প্রশাসনকে বারবার জানিয়েও কোনও স্থায়ী সমাধান মেলেনি।আক্রান্ত গৃহবধূর কথায়, "আজ আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে, কাল অন্য কোনও মহিলার সঙ্গে এটা হতে পারে। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত এলাকার এই সব অসামাজিক কাজকর্ম বন্ধ করা হোক এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।"এলাকাবাসীর একাংশের চাঞ্চল্যকর দাবি, বেআইনি মদের ঠেকগুলি থেকে নিয়মিত বখরা যায়, যার ফলে পুলিশ জেনেও না দেখার ভান করে থাকে। একটি জনবহুল এলাকায় কী ভাবে দিনের পর দিন প্রকাশ্যে মদের ঠেক ও জুয়ার আসর চলতে পারে, সেই নিয়ে নিউ ব্যারাকপুর থানার ভূমিকা বড়সড় প্রশ্নের মুখে। ঘটনাকে কেন্দ্র করে পুরো শহরপুর এলাকায় চরম থমথমে পরিবেশ বজায় রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ প্রশাসন।