কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর সামাজিক মাধ্যমে করা মন্তব্য ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতায় সাময়িক স্বস্তি পেলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পুরনো ভোট-পরবর্তী উস্কানি বিতর্কের মামলায় অভিনেতাকে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। আদালত সাফ জানিয়েছে, আপাতত আগামী চার সপ্তাহের জন্য অভিনেতার বিরুদ্ধে পুলিশ কোনওরকম কড়া বা শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না। তবে একই সঙ্গে আদালতের নির্দেশ, অভিনেতার বিরুদ্ধে রুজু হওয়া মামলার তদন্ত প্রক্রিয়া যেমন চলছে তেমনই চলবে এবং তদন্তের স্বার্থে পরমব্রতকে পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে।[TECHTARANGA-POST:9585]শুক্রবার হাইকোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি হয়। দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি এই অন্তর্বর্তী নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, রাজ্য পুলিশকে এই মামলার তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট আগামী শুনানির দিন আদালতে পেশ করতে হবে। সেই তদন্ত রিপোর্টের গতিপ্রকৃতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতি।[TECHTARANGA-POST:9584]আইনি এই টানাপোড়েনের সূত্রপাত প্রায় পাঁচবছর আগে। ২০২১ সালের ২ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরমব্রত চট্টোপাধ্যায় সামাজিক মাধ্যমে একটি মন্তব্য করেছিলেন। যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সেই পুরোনো মন্তব্যের ওপর ভিত্তি করেই দীর্ঘ পাঁচবছর পর, গত ২১ মে গড়িয়াহাট থানায় পরমব্রতের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার আদালতে পরমব্রতের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন, এত বছর পর হঠাৎ এই অভিযোগ কেন করা হল? এই এফআইআরের কোনও বাস্তব ভিত্তি নেই এবং অভিনেতার ওই মন্তব্যের কারণে সামাজিকস্তরে কারও কোনও ক্ষতিও হয়নি। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ এবং ১০৯ ধারায় দায়ের হওয়া এই এফআইআরটি সম্পূর্ণ খারিজ করার আবেদন জানান তিনি।[TECHTARANGA-POST:9583]মামলার বিবরণ অনুযায়ী, পাঁচবছর আগের ওই ‘উস্কানিমূলক’ মন্তব্যের প্রত্যক্ষ সমর্থন করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। দীর্ঘ সময় পেরিয়ে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর, গড়িয়াহাট থানায় দুই তারকার বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন। অভিযোগকারী আইনজীবীর দাবি, পরমব্রত ও স্বস্তিকার ওই মন্তব্য তৎকালীন সময়ে ভোট-পরবর্তী হিংসা আরও উস্কে দিয়েছিল এবং রাজ্যের আইনশৃঙ্খলার পরিবেশকে উত্তপ্ত করে তুলেছিল। প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ায় তাঁদের কথায় প্রভাবিত হয়ে অনেকেই সে সময় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালিয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।[TECHTARANGA-POST:9581]এই অভিযোগের ভিত্তিতেই গড়িয়াহাট থানার পুলিশ দুই তারকাকে নোটিস পাঠিয়ে তলব করেছিল। ইতিপূর্বেই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় থানায় হাজিরা দিয়েছেন এবং সেখানে তাঁকে প্রায় একঘণ্টারও বেশি সময় ধরে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। স্বস্তিকার পর এবার পরমব্রতের ক্ষেত্রেও আইনি জল গড়াল আদালতে। যেখানে আপতত চার সপ্তাহের জন্য গ্রেফতারি বা কড়া পদক্ষেপের হাত থেকে অন্তর্বর্তীকালীন আইনি সুরক্ষা পেলেন এই অভিনেতা।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার