অফিস টাইমে সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, সরকারি বাসের ধাক্কায় প্রাণ হারালেন তরুণী আইটি কর্মী
ব্যস্ত সময়ে ফের রক্তাক্ত সল্টলেক সেক্টর ফাইভ। মঙ্গলবার সকালে আরএস সফটওয়্যারের সামনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো কিরণ মিশ্রা নামে এক তরুণী আইটি কর্মীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিরণ আদতে বর্ধমানের বাসিন্দা হলেও কর্মসূত্রে কেষ্টপুরে এক ভাড়া বাড়িতে থাকতেন। প্রতিদিন তাঁর সঙ্গী তাঁকে অফিসে পৌঁছে দিলেও, আজ দেরি হওয়ায় একটি অ্যাপ-বাইক বুক করেছিলেন কিরণ। কিন্তু সেই যাত্রাই তাঁর জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়াল।[TECHTARANGA-POST:7876]প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে খবর, আরএস সফটওয়্যার মোড়ে একটি করুণাময়ী-ঘাটাল রুটের সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত অ্যাপ-বাইকটির পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান কিরণ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, শরীরের অভ্যন্তরে গুরুতর চোট বা ইন্টারনাল ইনজুরির কারণেই তাঁর মৃত্যু হয়েছে। ঘাতক বাসটিকে আটক করার পাশাপাশি চালককেও গ্রেফতার করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ।[TECHTARANGA-POST:7875]এই ঘটনাকে কেন্দ্র করে সেক্টর ফাইভের নিত্যযাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। অফিস টাইমে সল্টলেকের রাস্তায় সরকারি ও বেসরকারি বাসগুলির রেষারেষি এবং অনিয়ন্ত্রিত গতি নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন অফিসকর্মীরা। তাঁদের দাবি, বারংবার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ বা প্রশাসন এই বেপরোয়া গতি রুখতে কোনও কড়া পদক্ষেপ করেনি। আজ আরও এক তরুণীর মৃত্যু সেই প্রশাসনিক গাফিলতিকেই ফের কাঠগড়ায় দাঁড় করাল।