বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট বৈতরণী পার করতে কোমর বেঁধে নেমেছে কংগ্রেস। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যে ফের প্রচারে আসছেন রাহুল গান্ধী। উত্তরবঙ্গের পর এবার তাঁর পাখির চোখ দক্ষিণবঙ্গ। ওইদিন শ্রীরামপুরে রাহুলের নির্বাচনী সভার অনুমতি ইতিমধ্যেই মিলেছে। তবে খাস কলকাতায় তাঁর জোড়া কর্মসূচি নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। মেটিয়াবুরুজ এবং পার্ক সার্কাস ময়দানে সভার পরিকল্পনা থাকলেও নির্বাচন কমিশনের নিয়মের গেরোয় এখনও চূড়ান্ত অনুমতি মেলেনি। কলকাতা পুরসভা এলাকা বর্তমানে কমিশনের অধীনে থাকায় অনুমতির প্রক্রিয়া কিছুটা দীর্ঘায়িত হচ্ছে বলেই খবর।[TECHTARANGA-POST:8198]এবারের নির্বাচনে বামেদের সঙ্গে জোট না হওয়ায় কংগ্রেস একক শক্তিতেই লড়াই করছে। তাই প্রচারের শেষ লগ্নে রাহুল গান্ধীর উপস্থিতিতে কর্মীদের চাঙ্গা করতে চাইছে নেতৃত্ব। মেটিয়াবুরুজ ও পার্ক সার্কাসে সভার অনুমতি শেষ মুহূর্তে না মিললে বিকল্প জায়গার সন্ধানও শুরু হয়েছে। সেক্ষেত্রে মহম্মদ আজহারউদ্দিনের র্যালি যেখানে শেষ হচ্ছে সেই এলাকায় অথবা ব্রেবোর্ন রোডের মোড়ে সভা হতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৬ সালে এই পার্ক সার্কাস ময়দানেই বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে ঐতিহাসিক যৌথ সভা করেছিলেন রাহুল। এক দশক পর ফের সেখানে সভা করে রাজনৈতিক সমীকরণ মজবুত করতে চাইছেন তিনি। এখন দেখার, শেষ বেলায় কমিশনের পক্ষ থেকে রাহুলের তিলোত্তমা সফরের সবুজ সংকেত মেলে কি না।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার