Hidden Stories (বাংলা)

ছেলের আটকের পরই বেপাত্তা শওকত! এবার ভাইয়ের বাড়িতেও এনআইএ হানা, গা ঢাকা দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক?

ক্যানিং: ভাঙড়ের বামুনিয়া বোমা বিস্ফোরণ-কাণ্ডের তদন্তে এবার চরম নাটকীয় মোড়! বৃহস্পতিবার সকাল থেকে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে ম্যারাথন তল্লাশি চালানোর পর এবার তাঁর খোঁজে হন্যে হয়ে ঘুরছেন এনআইএ (NIA)-র আধিকারিকেরা। দীর্ঘক্ষণ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর ইতিমধ্যে শওকত-পুত্র ইমরান মোল্লাকে কেন্দ্রীয় গোয়েন্দারা আটক করেছেন বলে সূত্রের খবর। কিন্তু অভিযানের বহু ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও হদিস মেলেনি স্বয়ং শওকত মোল্লার। আর তাতেই জোরালো হচ্ছে জল্পনা— তবে কি কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়ার আশঙ্কায় আগেভাগেই গা ঢাকা দিলেন এই দাপুটে নেতা? শওকতের খোঁজে এবার তাঁর ভাই আবু জাফরের বাড়িতেও হানা দিয়েছে এনআইএ-র আরেকটি দল।[TECHTARANGA-POST:9735]স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে এনআইএ-র কনভয় শওকত মোল্লার বাসভবনের সামনে পৌঁছনোর ঠিক আগেই সুকৌশলে এলাকা ছাড়েন প্রাক্তন বিধায়ক। যে কারণে শুরুতে দীর্ঘক্ষণ বাড়ির বাইরেই অপেক্ষা করতে হয় তদন্তকারীদের। শেষমেশ শওকতের ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়েই বাড়ির ভেতরে ঢোকেন কেন্দ্রীয় আধিকারিকেরা। বাড়ি ও সংলগ্ন দলীয় কার্যালয়ে তল্লাশি চালানোর পাশাপাশি ইমরানের মালিকানাধীন ‘অরণ্যের কূলে’ নামের একটি আলিশান ক্যাফেতেও হানা দেয় এনআইএ। স্থানীয়দের একাংশের অভিযোগ, যেখানে এই বিলাসবহুল ক্যাফেটি গড়ে উঠেছে, সেটি আসলে একটি নদী ছিল। বেআইনিভাবে নদী ভরাট করেই এই নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সেই ক্যাফের অন্দরমহলেও চলছে চিরুনি তল্লাশি।[TECHTARANGA-POST:9730]ক্যানিংয়ের পাশাপাশি এদিন ভাঙড়ের বামুনিয়া এলাকাতেও সমান্তরালভাবে তীব্র অভিযান চালাচ্ছে এনআইএ। বিধানসভা নির্বাচনের ঠিক আগে বামুনিয়ার চালতাবেড়িয়া অঞ্চলে যে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটেছিল, যাতে একজনের মৃত্যু এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন, সেই মামলার শিকড়ে পৌঁছতেই এই তৎপরতা। এই ঘটনায় আগেই গ্রেফতার হওয়া তৃণমূল নেতা আহিদুল ইসলামের বাড়িতেও এদিন নতুন করে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে বামুনিয়া গ্রামের আরও একাধিক সন্দেহভাজন ব্যক্তির বাড়িতেও হানা দিয়েছেন আধিকারিকেরা। এনআইএ সূত্রে খবর, দীর্ঘ কয়েক ঘণ্টার এই সাঁড়াশি অভিযানে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপন নথি উদ্ধার হয়েছে। এখন দেখার, ছেলেকে আটকে রেখে এবং ভাইয়ের বাড়িতে হানা দিয়েও শেষ পর্যন্ত শওকত মোল্লার হদিস কেন্দ্রীয় গোয়েন্দারা পান কি না।

ছেলের আটকের পরই বেপাত্তা শওকত! এবার ভাইয়ের বাড়িতেও এনআইএ হানা, গা ঢাকা দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার