রাতের অন্ধকারে মন্দিরে হানা! সিসিটিভিতে ধরা চোরের দল, উধাও প্রায় ১৮ লক্ষ টাকার গয়না
ঢাকাঃ বাংলাদেশের সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় মন্দিরে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রুপোর গয়না এবং দানবাক্সের টাকা লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ১৮ লক্ষ টাকার সম্পদ খোয়া গিয়েছে।[TECHTARANGA-POST:7183]জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, চোরের দল মন্দির প্রাঙ্গণে ঢুকে কেন্দ্রীয় মন্দিরের কালীমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির এবং জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর প্রতিমার বিভিন্ন স্বর্ণালংকার এবং দানবাক্সের টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে চার ভরি ওজনের দুটি সোনার বালা জোড়া, এক ভরি ওজনের দুটি শাঁখা জোড়া, চার আনা ওজনের কানের দুল, আট আনা ওজনের ‘মায়ের জিভ’ অলংকার, একটি সোনার চেইন, একটি নথ, দুটি পেটি জোড়া, প্রায় পাঁচ ভরি রুপোর গয়না এবং দানবাক্সের প্রায় সাত হাজার টাকা।এই ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য ও শিক্ষক দীপাসিন্ধু তরফদার বলেন, কয়েক দিন আগেই শহরের কাটিয়া মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বারবার মন্দিরে চুরি হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তিনি।[TECHTARANGA-POST:7180]মন্দিরের সেবায়েত অসীম দাশ জানিয়েছেন, মন্দিরে থাকা সিসিটিভি ফুটেজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।