Hidden Stories (বাংলা)

Sensex: তেলের দামে আগুন, রেপো রেটেও চাপ! লক্ষ্মীবারে হুড়মুড়িয়ে পড়ল সূচক, খোয়া গেল ১০ লাখ কোটি

লক্ষ্মীবারে বিনিয়োগকারীদের জন্য ফের ধাক্কা। আবারও হুড়মুড়িয়ে পড়ল শেয়ার বাজার। সকাল থেকেই নিম্নমুখী ছিল সেনসেক্স ও নিফটি। দিন শেষে সেই পতন পৌঁছল আরও বড় অঙ্কে। বড়সড় লোকসানের মুখোমুখি হলেন লগ্নিকারীরা। বৃহস্পতিবার, ৮ অক্টোবর সেনসেক্স দিনের লেনদেন শুরু করেছিল ৭২ হাজারের কাছাকাছি অবস্থান থেকে। শেষ পর্যন্ত ১,০৪৫.৪৬ পয়েন্ট কমে ৭১,৫৯৩.২৪-তে থামে বিএসই-র এই সূচক। শতাংশের হিসাবে পতন ১.৪৪ শতাংশ। অন্যদিকে, নিফটি-৫০-ও ৩৭১.২৫ পয়েন্ট হারিয়ে ২২,২৩১.৮০-তে নেমে আসে। দিনের শেষে নিফটির পতন ১.৬৪ শতাংশ। পাশাপাশি নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ দুই সূচকই প্রায় এক শতাংশ করে কমেছে। তবে গোটা বাজারে এই ছবির মধ্যেও কিছুটা ব্যতিক্রম ছিল তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন সংস্থার শেয়ার। নেপথ্যে কী? আর্থিক বিশেষজ্ঞদের মতে, বাজারের এই বড় পতনের পেছনে একাধিক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়া। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে বৃহস্পতিবার বিশ্ব বাজারে প্রায় চার শতাংশ বেড়েছে তেলের দাম। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দর পৌঁছে গিয়েছে প্রায় ১০৪ ডলারে। ভারতের আমদানি খরচ এবং বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে শেয়ার বাজারে। এর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের লাগাতার শেয়ার বিক্রিও বাজারের উপর চাপ বাড়িয়েছে। বাজারের অস্বস্তি বাড়িয়েছে রেপো রেট সংক্রান্ত সিদ্ধান্তও। বুধবার, ৭ অক্টোবর রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫ শতাংশ করেছে। এর ফলে ঋণের খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে ধাক্কা খেয়েছে আদানি গোষ্ঠীর একাধিক শেয়ারও। নিফটি-৫০-এর অন্তর্ভুক্ত আদানি এন্টারপ্রাইজের স্টকের দর এদিন প্রায় ছয় শতাংশ কমেছে। আদানি গ্রিন এনার্জির ক্ষেত্রেও পতন দেখা গিয়েছে ৭.৫৪ শতাংশ। বড় সংস্থার শেয়ারের পতন বাজারের উপর আরও চাপ সৃষ্টি করেছে। 

Sensex: তেলের দামে আগুন, রেপো রেটেও চাপ! লক্ষ্মীবারে হুড়মুড়িয়ে পড়ল সূচক, খোয়া গেল ১০ লাখ কোটি