কলকাতাঃ পুজোর রাতে প্যান্ডেল হপিংয়ের আর কোনও সমস্যাই রইল না। প্রতিবছরের মতো এবারও রাতভর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। পুজোর দিনগুলিতে যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে কলকাতা মেট্রোর তরফে পুজোর বিশেষ সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, ১৫ অক্টোবর পঞ্চমী থেকে ২১ অক্টোবর দশমী পর্যন্ত বিভিন্ন লাইনের মেট্রো চলাচলের সময় বদলে যাবে। বিশেষ করে সপ্তমী, অষ্টমী ও নবমীতে রাতভর শহর ঘুরে ঠাকুর দেখার সুযোগ থাকছে। তবে সব লাইনে নিয়ম এক নয়। কোন লাইনে কখন মেট্রো পাওয়া যাবে, তা আগে থেকেই জেনে রাখুন।
ব্লু লাইন
পঞ্চমী ও ষষ্ঠী সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে মেট্রো চলবে। মাত্র ৬ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। এই দু’দিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের শেষ মেট্রো রাত ১০টা ৪৮ মিনিটে এবং উল্টো দিকের শেষ মেট্রো রাত ১০টা ৫০ মিনিটে। এছাড়া টালিগঞ্জ ও দমদমগামী শেষ পরিষেবাও রাত ১১টা পর্যন্ত থাকবে।
সপ্তমী থেকে নবমী পর্যন্ত চার দিনই ব্লু লাইনে রাতভর পরিষেবা মিলবে। বেলা ১টা থেকে শুরু হয়ে মেট্রো চলবে ভোর ৪টে পর্যন্ত। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের শেষ মেট্রো ছাড়বে প্রায় ভোর ৩টে ৪৬ মিনিটে। অন্যদিকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ ট্রেন পাওয়া যাবে ভোর ৩টে ৪৮ মিনিটে। দশমীতে অবশ্য পরিষেবা তুলনামূলক কমবে। ওই দিন দুপুর পরিষেবা শুরু হবে ১টা নাগাদ এবং শেষ মেট্রোর সময় রাত সাড়ে ১০টা।
গ্রিন লাইন
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে পঞ্চমী ও ষষ্ঠীতে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ট্রেন চলবে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত চার দিন বেলা দেড়টা থেকে পরিষেবা শুরু হবে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের শেষ মেট্রো ছাড়বে ভোর ৩টে ৫২ মিনিটে। উল্টো দিকে শেষ ট্রেন ছাড়বে ভোর ৩টে ৫৯ মিনিটে। দশমীতে দুপুর থেকে পরিষেবা শুরু হলেও রাতভর ট্রেন চলবে না। দুই প্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ১০টার দিকে।
ইয়েলো লাইন
নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর রুটে পঞ্চমী ও ষষ্ঠীতে সকাল থেকেই মিলবে পরিষেবা। নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো সকাল ৭টা ১৮ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টায়। বিমানবন্দর থেকে নোয়াপাড়ার শেষ পরিষেবা পাওয়া যাবে রাত ৯টা ২০ মিনিটে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই লাইনে রাতভর মেট্রো থাকবে না। নোয়াপাড়া থেকে পরিষেবা শুরু হবে বিকেল ৩টেয় এবং শেষ মেট্রো রাত সাড়ে ১০টায়। বিমানবন্দর থেকে শেষ মেট্রো রাত ১০টা ৫৩ মিনিটে। দশমীতে নোয়াপাড়া থেকে শেষ মেট্রো রাত ৯টা ১৪ মিনিটে এবং জয়হিন্দ বিমানবন্দর থেকে রাত ৯টা ৩৮ মিনিটে ছাড়বে।
পার্পল লাইন
জোকা-মাঝেরহাট রুটে পঞ্চমী ও ষষ্ঠীতেমেট্রো চলবে ২১ মিনিট অন্তর। জোকা থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৪০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৫ মিনিটে। মাঝেরহাট থেকে প্রথম পরিষেবা সকাল ৭টা ৩ মিনিটে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত পরিষেবার ব্যবধান বেড়ে হবে ২৫ মিনিট। ওই দিনগুলিতে দুই প্রান্ত থেকেই বিকেল ৩টে নাগাদ পরিষেবা শুরু হবে। জোকা থেকে শেষ মেট্রো রাত সাড়ে ১০টায় এবং মাঝেরহাট থেকে রাত ১০টা ৫৫ মিনিটে ছাড়বে।
অরেঞ্জ লাইন
কবি সুভাষ-বেলেঘাটা রুটে পঞ্চমী ও ষষ্ঠীতে মেট্রো পাওয়া যাবে ২৫ মিনিট অন্তর। কবি সুভাষ থেকে প্রথম মেট্রো সকাল ৭টা ৪০ মিনিটে, শেষ মেট্রো রাত ৮টা ২০ মিনিটে। বেলেঘাটা থেকে পরিষেবা শুরু হবে সকাল ৮টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪৫ মিনিটে। তবে সপ্তমী থেকে দশমী পর্যন্ত অরেঞ্জ লাইনে মিলবে না কোনও মেট্রো পরিষেবা।
বিষয় : Durga Puja 2026 Kolkata Metro

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন