পুকুর ছেঁচে উঠল বন্দুক-কার্তুজ! সন্দেশখালিতে শাহজাহান-অনুগামীর ডেরায় STF-এর মেগা অপারেশন
সন্দেশখালি: মাছের বদলে পুকুর থেকে উঠছে থরে থরে বন্দুক আর কার্তুজ! ফের একবার চর্চার কেন্দ্রে উঠে এল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। এবার সন্দেশখালির মণিপুরের দাপুটে তৃণমূল নেতা তথা শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ রবিন দাস ও তাঁর ভাই গোপাল দাসের বাড়িতে অতর্কিতে হানা দিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ (STF)। দুই ভাইয়ের বাড়ি এবং সংলগ্ন চত্বরে তল্লাশি চালানোর পাশাপাশি তদন্তকারীদের নজরে পড়ে বাড়ির পাশের একটি পুকুর। আর সেই পুকুরেই জাল ফেলতেই চক্ষু চড়কগাছ দুঁদে আধিকারিকদের। জল থিতিয়ে পুকুরের তলা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের ভাণ্ডার। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, এলাকায় নতুন করে বড়সড় অশান্তি পাকানোর উদ্দেশ্যেই এই বিপুল অস্ত্রশস্ত্র লুকিয়ে মজুত করে রাখা হয়েছিল। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, দাপুটে নেতার বাড়ির সামনে ভিড় জমিয়েছেন শয়ে শয়ে মানুষ।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং তল্লাশি অভিযান মসৃণ করতে এসটিএফের সঙ্গেই ময়দানে নেমেছে সন্দেশখালি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাহজাহানের ছত্রছায়ায় থাকা এই দুই ভাইয়ের অত্যাচারে দীর্ঘদিন ধরেই অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার বিজেপি কর্মীরা। এবার পুকুর থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসতেই শাসকদলকে তীব্র নিশানা করেছে গেরুয়া শিবির। কটাক্ষের সুরে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, "পুকুর থেকে তো আগে মাছ উঠত। তৃণমূল না থাকলে তো জানতে পারতাম না গুলি-বোমা-বন্দুক এগুলোও নাকি ওঠে! এরা আসলে পৃথিবীর নবম আশ্চর্য।" এখানেই না থেমে সুর আরও চড়িয়ে তিনি দাবি করেন, এই রাজ্যটাকে তৃণমূল কোন স্তরে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, তা প্রতিদিন প্রমাণ হচ্ছে। নির্বাচনের ফলাফল অন্যরকম হলে এই আগ্নেয়াস্ত্রগুলো দিয়ে সাধারণ মানুষের ওপর হামলা চালানো হতো বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এই অভিযুক্তরা যাতে কোনোদিনই জেলের বাইরে বের হতে না পারে, সরকারের কাছে সেই আবেদনও জানিয়েছেন সজল ঘোষ। সব মিলিয়ে, ভরা গ্রীষ্মে সন্দেশখালির পুকুর থেকে অস্ত্র উদ্ধারের এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।[TECHTARANGA-POST:9774]হিডেন স্টোরিজ নিউজ