Hidden Stories (বাংলা)

৪২ ডিগ্রি ছাড়াল পারদ, শিয়রে ‘সুপার এল নিনো’? ভোটের মুখে চরম গরমে পুড়ছে বাংলা

ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আবহাওয়ার পারদ। ভ্যাপসা গরমে নাজেহাল কলকাতা থেকে শহরতলি, কিন্তু পরিস্থিতি এখানেই শেষ নয়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমাঞ্চলে তাপমাত্রার দাপট ইতিমধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে। আসানসোলে তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে। মঙ্গলবার ও বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। চৈত্র-বৈশাখের এই দহনজ্বালায় স্বস্তির দেখা মিলছে না এখনই, বরং উত্তরবঙ্গে নিয়মিত বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের জন্য আরও দিন পাঁচেক অপেক্ষা করতে হবে। আগামী ২৬ এপ্রিল একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হলে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দ্বিতীয় দফার ভোটের আগে দক্ষিণের সাতটি জেলায় কালবৈশাখীর হলুদ সতর্কতা জারি থাকলেও অস্বস্তিকর আবহাওয়া থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার আশা কম।তবে আসল আশঙ্কার মেঘ ঘনাচ্ছে এই বছরের দ্বিতীয় ভাগকে কেন্দ্র করে। আবহাওয়াবিদরা সতর্ক করছেন যে, শীঘ্রই সক্রিয় হতে চলেছে ‘সুপার এল নিনো’। এর প্রভাবে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গরম এবং তাপপ্রবাহের কবলে পড়বে জনজীবন। সুপার এল নিনোর দাপটে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় গ্রীষ্মকালে তাপমাত্রা সাধারণত ৪০ থেকে ৪৫ ডিগ্রির আশেপাশে থাকলেও, এবার তা সমস্ত রেকর্ড ভেঙে ৫০ ডিগ্রি সেলসিয়াসের ঘর স্পর্শ করতে পারে বলে মনে করা হচ্ছে। এই নজিরবিহীন তাপপ্রবাহের সতর্কবার্তায় এখন থেকেই কপালে ভাঁজ পড়ছে সাধারণ মানুষের। আসন্ন দিনগুলোতে আবহাওয়া আরও চরম রূপ ধারণ করলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং ভোটের প্রচার যে মারাত্মকভাবে ব্যাহত হবে, তা বলাই বাহুল্য।হিডেন স্টোরিজ নিউজ

৪২ ডিগ্রি ছাড়াল পারদ, শিয়রে ‘সুপার এল নিনো’? ভোটের মুখে চরম গরমে পুড়ছে বাংলা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার