Hidden Stories (বাংলা)

ICT Teachers:‘ওঁরা পান ৩০ হাজার, আমরা ৭ হাজার!’ করুণাময়ীতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আজ ফের কেন উত্তপ্ত রাজপথ?

কলকাতা: বেতনের চরম বৈষম্য এবং অবিলম্বে স্থায়ী নিয়োগের দাবিতে সোমবার ফের রণক্ষেত্রের চেহারা নিল সল্টলেকের করুণাময়ী চত্বর। বিকাশভবন অভিযানের ডাক দিয়ে রাজপথে নামেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। পুলিশের ব্যারিকেড ও বাধার মুখে পড়ে করুণাময়ী বাসস্ট্যান্ড ও মেট্রো স্টেশনের কাছেই রাস্তায় শুয়ে পড়ে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন ‘আইসিটি ঐক্যমঞ্চের’ আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের হটাতে পুলিশ তৎপর হলে দুই পক্ষের মধ্যে শুরু হয় চরম ধস্তাধস্তি। বহু শিক্ষক-শিক্ষিকাকে টেনে-হিঁচড়ে তোলার চেষ্টা করে পুলিশ, যার ফলে সপ্তাহের শুরুতেই সল্টলেকের এই গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল সাময়িকভাবে স্তব্ধ হয়ে পড়ে।আন্দোলনকারী শিক্ষকদের মূল অভিযোগ, একই যোগ্যতায় একই কাজ করা সত্ত্বেও তাঁদের বেতন নিয়ে চরম বৈষম্য তৈরি করেছে প্রশাসন। আন্দোলনরত এক শিক্ষকের কথায়, “আগের প্রথম থেকে পঞ্চম ফেজ অনুযায়ী যুক্ত হওয়া শিক্ষকদের ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হয় এবং সরকারি চুক্তির মাধ্যমে সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হয়। কিন্তু আমরা ঠিক একই কাজ করে মাসে মাত্র ৬৮০০ থেকে ৭০০০ টাকা পাই। প্রতিদিনের যাতায়াত ভাড়াতেই যদি ১৫০-২০০ টাকা চলে যায়, তবে সামান্য এই টাকায় আমরা সংসার কীভাবে চালাব?” তাঁদের সাফ দাবি, আগের ফেজগুলির মতো তাঁদেরও দ্রুত সরকারিকরণ করতে হবে।শিক্ষকদের অভিযোগ, গত বছরের এই সময়ে ষষ্ঠ ও সপ্তম ফেজের শিক্ষকদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছিল, যা চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চলে। এর পর রাজ্যে ক্ষমতার রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ দিন কেটে গেলেও সেই ইন্টারভিউ এবং নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। মে মাস থেকে আজও পর্যন্ত পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। দ্রুত থমকে থাকা ইন্টারভিউ প্রক্রিয়া চালু করে তাঁদের স্কুলে পাঠানোর জোর দাবি তুলেছেন তাঁরা।অবিলম্বে আইসিটি ষষ্ঠ ও সপ্তম ফেজের লেখকদের সরাসরি সরকারি চুক্তিভিত্তিক করার দাবিতে হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিকাশভবনের দিকে এগোতে চেষ্টা করেন শিক্ষকরা। তবে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড গড়ে করুণাময়ীতেই তাঁদের পথ আটকে দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। চরম উত্তেজনার মাঝে বহু আন্দোলনকারী রাস্তার ওপর বসে ও শুয়ে পড়ে স্লোগান দিতে থাকেন। এই রফাসূত্র না মেলা পর্যন্ত এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।[TECHTARANGA-POST:13096]

ICT Teachers:‘ওঁরা পান ৩০ হাজার, আমরা ৭ হাজার!’ করুণাময়ীতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আজ ফের কেন উত্তপ্ত রাজপথ?