Hidden Stories (বাংলা)

পুজোর ছুটিতে বেড়ানো কি এবার বিলাসিতা? বিমান-বাসের আকাশছোঁয়া ভাড়ায় মাথায় হাত পর্যটকদের

পুজোর ছুটিতে পাহাড়ে যাওয়ার প্ল্যান? কিংবা পুরীর সমুদ্রের ধারে কয়েকটা দিন কাটানোর ইচ্ছে? পরিকল্পনা করার আগে এবার বাজেটটা একটু ভালো করে মিলিয়ে নিন। কারণ উৎসবের মরশুমে ঘুরতে যাওয়ার খরচ শুধু হোটেল বা খাবারেই বাড়ছে না, গন্তব্যে পৌঁছনোর খরচও রীতিমতো পকেট কাঁপাচ্ছে।পুজোর সময়ে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের পর্যটনকেন্দ্রগুলিতে ভিড় বাড়ে। ফলে স্বাভাবিকভাবেই বিমানের টিকিটের চাহিদাও বেড়ে যায়। কিন্তু এবার সেই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভাড়াও। কলকাতা থেকে বাগডোগরা যাওয়ার ক্ষেত্রে যে টিকিট কয়েক হাজার টাকার মধ্যে পাওয়া যেত, সেটিই অনেকক্ষেত্রে ৮ হাজার থেকে ১৫ হাজার টাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। উত্তর-পূর্বের অন্য গন্তব্যগুলিতেও খুব একটা স্বস্তি নেই। ইটানগর যেতে খরচ হচ্ছে প্রায় ৭ থেকে ১০ হাজার টাকা। ডিমাপুরের ক্ষেত্রেও ভাড়া ঘোরাফেরা করছে ৭-৮ হাজারের মধ্যে। বিদেশে যাওয়ার পরিকল্পনা করলেও একই সমস্যা। কলকাতা থেকে বাঙালির অন্যতম পছন্দের গন্তব্য ব্যাঙ্কক। পুজোর সময়ে ভাড়া আরও বেড়ে ১৩-১৪ হাজার টাকা পর্যন্ত পৌঁছতে পারে। স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়ছে ট্যুর প্যাকেজেও। [TECHTARANGA-POST:11909]পুজোর আগেই কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি কিংবা পুরীগামী বহু ট্রেনের টিকিট শেষ। ফলে শেষ মুহূর্তে যাঁরা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের বড় ভরসা হয়ে উঠছে বাস। আর সেখানেও ভাড়ার চাপ কম নয়। কলকাতা-শিলিগুড়ি রুটে সাধারণ বাসের ভাড়া প্রায় ২ হাজার টাকা পর্যন্ত উঠেছে। আর এসি স্লিপার বা ভলভো ধরলে খরচ ৪ হাজারের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। বাস মালিকদের বক্তব্য, জ্বালানির খরচ এবং উৎসবের সময়ে বাড়তি চাহিদাই ভাড়া বৃদ্ধির অন্যতম কারণ। অন্যদিকে বিমান সংস্থাগুলির যুক্তি, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়েছে বিমান পরিষেবার খরচে। যুদ্ধের কারণে জেট ফুয়েলের দাম বৃদ্ধি এবং যাত্রীর সংখ্যা বাড়লেও সেই তুলনায় বিমান না বাড়ার বিষয়টিও ভাড়া বৃদ্ধির কারণ বলে জানানো হচ্ছে।

পুজোর ছুটিতে বেড়ানো কি এবার বিলাসিতা? বিমান-বাসের আকাশছোঁয়া ভাড়ায় মাথায় হাত পর্যটকদের