মাত্র ৬০ মিনিটেই উধাও টিকিট, লাইনে আরও ৪২ হাজার! ভদোদরায় এমন কী ঘটতে চলেছে?
ভদোদরা: মাত্র এক ঘণ্টার ঝড়ে বুকিং সাইটে টিকিট উধাও! আর পেছনে পড়ে রইলেন আরও ৪২ হাজারেরও বেশি মানুষ, যাঁরা এখন অধীর আগ্রহে ওয়েটিং লিস্টে দিন গুনছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি ঘিরে সাধারণত উদ্দীপনা থাকেই, কিন্তু গুজরাটের ভদোদরায় যা ঘটল, তা এককথায় নজিরবিহীন। মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি প্যাভিলিয়নে আয়োজিত হতে চলা ‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের এমন উন্মাদনা এর আগে খুব কমই দেখা গিয়েছে। পড়ুয়া, গবেষক, শিক্ষক, বিভিন্ন ক্ষেত্রের পেশাদার থেকে শুরু করে শিল্পোদ্যোগী— সমাজের সর্বস্তরের নাগরিকদের এই এক মঞ্চে নিয়ে আসার অভিনব পরিকল্পনা রূপায়িত করতে আসরে নেমেছিল ভদোদরা পুরসভা। টিকিট বণ্টনের দায়িত্ব দেওয়া হয়েছিল জনপ্রিয় বেসরকারি প্ল্যাটফর্ম ‘বুকমাইশো’-কে। সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশনের সুযোগ থাকা সত্ত্বেও টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই ম্যাজিকের মতো সব আসন নিমেষে নিঃশেষ হয়ে যায়, যা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।ঝড়োগতি কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার মহারাষ্ট্র সফরের পাশাপাশি গুজরাটে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে ভদোদরায় দাঁড়িয়ে তিনি একলপ্তে ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক মেগা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গোটা দেশের নজর রয়েছে প্রায় ২০,৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোর’-এর ৩২৬ কিলোমিটার দীর্ঘ তিনটি গুরুত্বপূর্ণ অংশের আনুষ্ঠানিক উদ্বোধনের দিকে। এর ফলে উত্তর ভারতের সঙ্গে মুম্বইয়ের জওহরলাল নেহরু বন্দরের সরাসরি হাই-স্পিড মালবাহী রেল যোগাযোগ চালু হয়ে যাবে, যা পণ্য পরিবহণের খরচ ও সময় দুই-ই একধাক্কায় অনেকটা কমিয়ে দেবে। একই সঙ্গে নিউ সানন্দ, নিউ মকরপুরা, নিউ উম্বরগাঁও এবং নিউ জেএনপিটি থেকে চলবে পণ্যবাহী ট্রেন এবং সবুজ পতাকা দেখিয়ে সূচনা করা হবে ভদোদরা ও টান্ডা রোডের মধ্যে একটি নতুন যাত্রীবাহী রেল পরিষেবারও। মেগা প্রকল্পের উদ্বোধনের চেয়েও ভদোদরাবাসীর কাছে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মোদীর সভার সেই ৬০ মিনিটের টিকিট-ঝড়।হিডেন স্টোরিজ নিউজ