এবার নিশানায় ভিক্টোরিয়া মেমোরিয়াল! ইমেলে বিস্ফোরণের হুমকি, বম্ব স্কোয়াডের চিরুনি তল্লাশিতে চাঞ্চল্য
কলকাতা: হেরিটেজ সাইট থেকে আদালত চত্বর — তিলোত্তমায় বোমাতঙ্ক যেন পিছু ছাড়ছে না। এবার খোদ ভিক্টোরিয়া মেমোরিয়াল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানো হল। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার অন্যতম প্রধান এই পর্যটনকেন্দ্রে। যার জেরে তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়ে পুরো চত্বরে তল্লাশি চালায় লালবাজার।জানা গিয়েছে, শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ইমেল আসে। তাতে দাবি করা হয়, মেমোরিয়াল চত্বরে বোমা রাখা আছে এবং আরডিএক্স বিস্ফোরণের মাধ্যমে গোটা এলাকা উড়িয়ে দেওয়া হবে। কালক্ষেপ না করে কর্তৃপক্ষ হেস্টিংস থানায় বিষয়টি জানায়। এরপরই লালবাজারের নির্দেশে বিশাল পুলিশবাহিনী ও বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয়। পর্যটকদের নিরাপত্তার খাতিরে গোটা চত্বর খালি করে শুরু হয় তল্লাশি অভিযান।তবে, কলকাতায় এমন ঘটনা এটিই প্রথম নয়। গত এক সপ্তাহে শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থান নিয়ে একই ধরনের ভুয়ো হুমকি ইমেল এসেছে। যেমন - গত সপ্তাহেই কলকাতা নগর দায়রা আদালত চত্বরে বোমাতঙ্ক ছড়ায়। রুবি মোড়ের কাছে পাসপোর্ট অফিস এবং জেলাস্তরের বেশ কিছু পোস্ট অফিসেও আরডিএক্স বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এই ইমেলগুলির উৎস সন্ধানে তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত মূল চক্রীকে ধরা সম্ভব হয়নি।উল্লেখ্য, গুজরাতেও সম্প্রতি একই ধরনের সিরিজ বোমাতঙ্কের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তে নেমে গুজরাত পুলিশ উত্তর ২৪ পরগনার গোপালনগর থেকে সৌরভ বিশ্বাস নামে এক যুবককে গ্রেফতার করেছে। কলকাতা পুলিশের গোয়েন্দারা মনে করছেন, এই হুমকি ইমেলগুলির নেপথ্য়ে কোনও আন্তর্জাতিক চক্র বা অন্তর্ঘাতমূলক পরিকল্পনা থাকতে পারে। ধৃত সৌরভকে জিজ্ঞাসাবাদ করে এই 'ইমেল ট্রেইল' বা বারবার আসা হুমকির রহস্যভেদের চেষ্টা চলছে।ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। প্রতিদিন হাজার-হাজার দেশি ও বিদেশি পর্যটক এখানে আসেন। এদিনের ঘটনায় স্বাভাবিকভাবেই পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তাজনিত কারণে সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়। যদিও শেষ পাওয়া খবর অনুসারে, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবুও প্রশাসন কোনও ঝুঁকি নিতে নারাজ।